২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত নুয়েন ভন থাট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 01:00 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত নুয়েন ভন থাট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিদায়ী রাষ্ট্রদূত নুয়েন ভন। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভিয়েতনামের যৌথ উদ্যোগে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধানমন্ত্রী। তথ্য-প্রযুক্তি, জাহাজ নির্মাণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, চামড়া শিল্প ও কৃষি খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের উপরও জোর দেন শেখ হাসিনা। ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে এবং নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তায় ব্যাপক উন্নয়ন করেছে। বাংলাদেশে অবস্থানকালে সরকারের পক্ষ থেকে সব ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান নুয়েন ভন থাট। সাক্ষাতের সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্যসচিব শেখ ওয়াহেদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/১৮৫৪ ঘ.