বেনাপোল (যশোর), জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের সাংবাদিক জামাল উদ্দীন হত্যামামলার প্রধান আসামি উকিল উদ্দিন ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন বলে দাবি করেছে যশোর পুলিশ।
জামাল হত্যামামলার তদন্ত কর্মকর্তা যশোরের শার্শা থানার উপপরির্শক মাহফুজুর রহমান বলেন, উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা পুলিশ রোববার উকিলকে গ্রেপ্তার করেছে বলে তারা জেনেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার দুপুর ১২টায় বাংলাদেশ সীমান্ত থেকে ৮ কিলোমিটার ভেতরে হেলেন্সা এলাকা থেকে উকিলকে গ্রেপ্তার করা হয়।”
গত ১৫ জুন রাতে শার্শা উপজেলার কাশীপুর বাজারে কয়েকজন সন্ত্রাসী কুপিয়ে, হাত পায়ের রগ কেটে ও চোখ উপড়ে হত্যা করে জামালকে। মাদক চক্রকে নিয়ে ‘গ্রামের কাগজে’ লেখার প্রতিক্রিয়ায় এই হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগ উঠেছে।
শার্শা থানার ওসি এ কে এম ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ এলাকাবাসী আসামিদের বাড়িতে হামলা চালালে সবাই পালিয়ে যায়। এর পর মটর সাইকেল চালক হাসানকে আটকের পর আমরা নিশ্চিত হই যে উকিল ও তোতা দুই ভাই ভারতে পালিয়ে গেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৮২৫ ঘ.
bdnews24