নারায়ণগঞ্জ, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জে শনিবার রাতে ছুরিকাঘাতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র খুন হয়েছেন।
এর প্রতিবাদে রোববার সকালে মিজমিজি-সিদ্ধিরগঞ্জ সড়ক অবরোধ এবং বিক্ষোভ করে এলাকাবাসী।
নিহত ইলিয়াস আলী (২২) উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার মিজমিজি পূর্বপাড়ার ইসমাইল হোসেনের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে একটি ফোন কল পেয়ে বাড়ির বাইরে গেলে আগে থেকে অবস্থান নেওয়া দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তার চিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, প্রেমঘটিত কারণে এ খুন হয়ে থাকতে পারে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
ইলিয়াসের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রোববার সকালে মিজমিজি-সিদ্ধিরগঞ্জ সড়ক অবরোধ এবং বিক্ষোভ করে। কিছুক্ষণ পর পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ইলিয়াসের বাবা ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, তার ছেলেকে প্রেমঘটিত ঘটনার জের ধরে হত্যা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24