২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বাগেরহাট আন্ত:জেলা মটর শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট পাঁচ ঘণ্টা পর প্রত্যাহর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 08:58 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

বাগেরহাট, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট আন্ত:জেলা মটর শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট পাঁচ ঘণ্টা পর প্রত্যাহর করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টা পর্যন্ত বাগেরহাটের ১৮টি রুটে পাঁচ ঘণ্টা এই পরিবহন ধর্মঘট পালিত হয়। বাগেরহাট আন্ত:জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তালুকদার এ. বাকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক মিনা হাসিবুল হাসানকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জামিনে থাকা আসামিদের গ্রেপ্তার করাসহ বিভিন্ন দাবিতে এই ধর্মঘট ডাকে সংগঠনটি। গত ১৩ জুন ভোরে শহরের নাগেরবাজার কলবাড়ি এলাকায় ওই এলাকার পৌর কাউন্সিলর ও শ্রমিক নেতা মিনাকে হত্যা চেষ্টার অভিযোগে গণপ্রহারে আহত মো: মুকুল হাওলাদার নামে এক যুবককে একটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় মুকুল, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আইনজীবী শহিদুল ইসলাম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানু ভুইঞাসহ পাঁচ জনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় একটি মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার এজাহারভুক্ত অপর চার আসামি উচ্চ আদালত থেকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ায় ধর্মঘটীদের দাবি অনুযায়ী তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আটক মুকুল পুলিশী হেফাজতে ঢাকা চক্ষু ইন্সটিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৪৫৫ ঘ.