২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে পুলিশ এক ব্যক্তিকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 04:02 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে পুলিশ এক ব্যক্তিকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মাদক মামলায় গ্রেপ্তার হওয়া পল্লবী এলাকার বাসিন্দা শাহ আলমের বোন কামরুন নাহার সাথী। সাথী বলেন, “মাদক ব্যবসায় সহযোগিতা না করায় পুলিশের যোগসাজশে মাদক ব্যবসায়ী কালু ও শহীদ ২০০৪ সালে আমার বড় ভাই আনোয়ার হোসেনকে হত্যা করে। তারা আমার ছোট ভাই শাহ আলমকেও হত্যার জন্য কয়েকবার চেষ্টা চালায়। কিন্তু ভাগ্যক্রমে সে প্রাণে বেঁচে গেলেও শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন নিয়ে সে বেঁচে আছে।” তিনি অভিযোগ করেন, এই মাদক ব্যবসায়ীদের প্ররোচনায় গত ১৫ জুন শাহ আলমকে ধরে তার কাছে ফেন্সিডিলের বোতল পাওয়া গেছে উল্লেখ করে তাকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ। সাথী বলেন, ওই দিন পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক বাসার কাছ থেকে তার ভাইকে আটক করলে তিনি ঘটনাস্থলে গিয়ে কারণ জানতে চান। এসময় এসআই জানান, তার কাছে দুই বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। কিন্তু থানায় গিয়ে বলা হয়, তার কাছে ৫১ বোতল ফেন্সিডিল ছিলো। শাহ আলমকে আটকের পর থানার আনার আগে মাদক ব্যবসায়ী শহীদ-কালুর আস্তানায় নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। সাথী বলেন, তিনি নিজে একজন কারাতে প্রশিক্ষক এবং কারাতে জাতীয় স্বর্ণপদক বিজয়ী। মাদক ব্যবসায়ীদের ভয়ে তার আরেক ভাই আবদুস সালাম খান ওরফে খোকন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন দাবি করে এ পরিস্থিতি থেকে রক্ষা পেতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সাথী। এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ওসি আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহ আলমের কাছে মাদক পাওয়া যায় এবং সে মোতাবেক তার বিরুদ্ধে মামলা হয়েছে। সংবাদ সম্মেলনে শাহ আলমের স্ত্রী হেলেনা আক্তারও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/এএল/২১৫৮ ঘ.