গাইবান্ধা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের খোর্দ্দ মালিবাড়ি গ্রামে কাঁঠাল খেয়ে এক পরিবারের ১২ জন অসুস্থ হয়েছেন।
শুক্রবার রাতে তাদের গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন লিপন মিয়া (২৪), মনজিল মিয়া (২২), ছকমল মিয়া (৫৫), ফিরোজা বেগম (২৮), রুবি বেগম (৩০), রেজিয়া বেগম (৫০), শাহিনুর রহমান (২২), মোর্শেদা বেগম (১৯), রিয়া মনি (৪), কোরবান আলী (১৪), রেনু মিয়া (৩৫) ও জাহেদা বেগম (৫০)।
লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম বলেন, লিপন মিয়ার পরিবারের সদস্যরা শুক্রবার রাতে নিজেদের গাছের একটি পাকা কাঁঠাল খান। এরপরই পরিবারের ১২ সদস্য অসুস্থ হয়ে পড়েন।
হাসপাতালের জরুরি বিভাগের ডা. আয়নাল হোসেন বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণেই তারা অসুস্থ হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪২ ঘ.
bdnews24