নোয়াখালী, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় সৌদি দূতাবাস কর্মকর্তা হত্যার পর কেউ গ্রেপ্তার না হওয়ায় মুসলিম বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
শনিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার করালিয়ায় বিএনপির এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ একথা বলেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, সরকারের দুর্নীতি, দুঃশাসন ও প্রতিহিংসার রাজনীতির কারণে গত সাড়ে তিন বছরে দেশের মানুষ অনেক কষ্টে দিন কাটিয়েছে।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার কোনো সুরাহা করতে পারেনি সরকার। সৌদি দূতাবাস কর্মকর্তাকে রাস্তায় গুলি করে হত্যা করা হলো। ওই হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, বলেন এই সাংসদ।
জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।
মওদুদ বলেন, যতদিন পর্যন্ত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান সংশোধন না হবে, ততদিন বিরোধী দলের আন্দোলন অব্যাহত থাকবে।
মাইন উদ্দিন কচির সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা আবদুল হাই সেলিম, কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৫ ঘ.
bdnews24