সাতক্ষীরা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সদরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র তার স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেছেন।
নিহত মাশহুদা খাতুনও (২৩) একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী। তার স্বামী আব্দুল কুদ্দুস পড়েন রাষ্ট্রবিজ্ঞানে।
শনিবার ভোরে সদর উপজেলার খানপুর গ্রামে মাশহুদার বাবার বাড়িতে এই ঘটনার পর আব্দুল কুদ্দুস থানায় গিয়ে পুলিশকে খুনের কথা জানান। পরে আদালতে তিনি স্বীকারোক্তি দেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক গঙ্গা রানী বলেন, গত বছরের ৫ জুন খানপুর গ্রামের প্রয়াত মাওলানা আবুল হাসান’র (খানপুরী পীর) মেয়ে মাশহুদার সঙ্গে খুলনার পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের প্রয়াত মহিউদ্দীনের ছেলে আব্দুল কুদ্দুসের বিয়ে হয়।
বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল বলে মাশহুদার স্বজনরা জানান।
এক সপ্তাহ আগে মাশহুদা বাবার বাড়ি বেড়াতে যান। শুক্রবার আব্দুল কুদ্দুসও শ্বশুরবাড়ি যান।
শনিবার ভোরে কুদ্দুস স্ত্রীকে মারধর করে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, সকালে আব্দুল কুদ্দুস নিজেই সদর থানায় এসে মাশহুদাকে হত্যার কথা স্বীকার করেন।
পরে সাতক্ষীরার বিচারিক হাকিম আব্দুল্লাহ আল মাসুমের আদালতে হাজির করা হলে তার জবানবন্দি নেওয়া হয়। এরপর তাকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মাশহুদার চাচা আব্দুল্লাহেল গালিব বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৭ ঘ.
bdnews24