দিনাজপুর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শতভাগ ক্ষতিপূরণের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তরা অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণার পর এবার লাঠি মিছিল করেছে।
শনিবার খনি এলাকার কয়েক হাজার নারী পুরুষ এ মিছিলে অংশ নেয়।
গত সোমবার দুপুর থেকে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির কার্যালয়ের প্রধান ফটকের সামনে পাঁচ দিনের অবস্থান কর্মসূচি শুরু করে ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’। শুক্রবার কর্মসূচির শেষ দিনেও প্রশাসন তাদের দাবি মেনে না নেওয়ায় অবস্থান কর্মসূচি অনির্দিষ্টকাল চলবে বলে ঘোষণা দেওয়া হয়।
এদিকে প্রশাসন জানিয়েছে ক্ষতিগ্রস্তদের ২০ কোটি টাকার চেক নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।
জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র আহবায়ক ইব্রাহিম খলিল প্রশাসনের এ ধরনের প্রস্তাবের সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি বরাদ্দের শতভাগ টাকা পরিশোধ না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।”
তিনি সতর্ক করে দিয়ে বলেন, সময়মত দাবি বাস্তবায়ন না হলে ও এর পরিপ্রেক্ষিতে শান্তিপূর্ণ কর্মসূচি অস্থিতিশীল হলে এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে।
খনিতে অবস্থানরত দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল মালেক এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে খনি এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ওই এলাকায় কর্তব্যরত সহকারী পুলিশ সুপার ফারুক হোসেন।
এদিকে ক্ষতিগ্রস্তদের জন্য ২০ কোটি টাকার চেক প্রস্তুত রয়েছে এবং তা নিতে তাদের প্রস্তাবও দেওয়া হয় বলে জানান ফারুক হোসেন।
খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান দাবি করেন, খনিতে কয়লা উত্তোলন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৭৪৩ ঘ.
bdnews24