ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গণতন্ত্র জোরদার, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সব রাজনৈতিক পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টারভেল।
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে এক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান প্রথমবারের মতো বাংলাদেশে আসা এই জার্মান রাজনীতিবিদ।
সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। সম্প্রতি অধিকার কর্মীদের (অ্যাকটিভিস্ট) হত্যার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা আশা করছি, এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে।”
গত কয়েক মাসের মধ্যে শ্রমিক নেতা আমিনুল ইসলাম অপহরণের পর খুন হন। নিখোঁজ হন প্রধান বিরোধী দল বিএনপির নেতা এম ইলিয়াস আলী।
এ দুটি ঘটনার পেছনেই সরকারি সংস্থার ‘হাত রয়েছে’ বলে অভিযোগ এসেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
বাংলাদেশের ‘গণতন্ত্র’ নিয়ে এক প্রশ্নের জবাবে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। গণতন্ত্র বিকশিত করতে এবং মানবাধিকার, আইনের শাসন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে বাংলাদেশের সব রাজনৈতিক শক্তিগুলোকে আহ্বান জানাই।”
বাণিজ্য ও বিনিয়োগ
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জার্মানির প্রতিক্রিয়া জানতে চাইলে ভেস্টারভেল বলেন, “আমি এখানে কিছু শেখাতে (লেসন) আসিনি। কেবল রাজনৈতিক বা কূটনৈতিক প্রতিনিধি হয়েও আসিনি। আমার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল এসেছে। বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য সম্ভাবনাগুলো আমরা কাজে লাগাতে চাই।”
জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, “জার্মানিতে আমাদের প্রাকৃতিক সম্পদ নেই। জ্ঞান ও সৃষ্টিশীলতাই আমাদের কাঁচামাল, যা আমাদের ঐক্যবদ্ধ করে রেখেছে।”
ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি গত চল্লিশ বছরে উন্নয়ন-সহায়তা হিসাবে বাংলাদেশকে ২০০ কোটি ইউরো দিয়েছে। গত অর্থ বছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৪০০ কোটি ডলারের বেশি।
ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানির সঙ্গেই বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি। বাংলাদেশ সে দেশে প্রধানত তৈরি পোশাক রপ্তানি করে। আর জার্মানি থেকে কেনে মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল।
জলবায়ু পরিবর্তন
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, উন্নত বিশ্বের দেউলিয়া ব্যাংকগুলোকে রক্ষায় রাতারাতি লক্ষ কোটি ডলার খরচ করা হলেও জলাবয়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার দেশগুলোর জন্য মাত্র কয়েক কয়েকশ কোটি টাকাও যোগাড় হয় না।
“বেঁচে থাকার জন্য কঠিন সংগ্রামে রত এ দেশগুলোর জন্য মাত্র কয়েকশ কোটি ডলার পাওয়াও খুব কঠিন,” বলেন তিনি।
দীপু মনি দুঃখ প্রকাশ করে বলেন যে, ভুক্তভোগী দেশগুলো নয়, উন্নত বিশ্বই জলবায়ু বিপর্যয় ঘটাচ্ছে।
ভেস্টারভেল বলেন, বাংলাদেশ যাতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে পারে- সেজন্য বার্লিন ও ঢাকা একসঙ্গে কাজ করছে।
প্রায় ২০ ঘণ্টার সফরে বেলা সাড়ে ১২টার দিকে একটি বিশেষ বিমানে করে ঢাকা পৌঁছান জার্মান মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করারও কথা রয়েছে ভেস্টারভেলের। এছাড়া বাণিজ্য স¤প্রসারণ নিয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।
সফর শেষে রোববার সকালে গুইডো ভেস্টারভেল ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/জেকে/১৬১৫ ঘ.
bdnews24