চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে আগুনে পুড়ে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৩টার দিকে মিরসরাইয়ের পূর্ব মিঠানলা গ্রামে বসতঘরে আগুন লাগলে জামাল উদ্দিন নামের ওই বৃদ্ধ পুড়ে মারা যান।
মিরসাই থানার উপ-পরিদর্শক আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। তবে জামালের স্ত্রী, মেয়ে ও নাতনি বেঁচে গেছেন।
এদিকে নিহতের মেয়ে শিরিন আক্তার দাবি করছেন, পূর্ব শত্রুতার জের ধরে তাদের ঘরে আগুন লাগানো হয়েছে বলে তাদের ধারণা। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
উপ পরিদর্শক আবুল খায়ের বলেন,“ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৪১২ ঘ.
bdnews24