ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে শুক্রবার সন্ধ্যায় এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো. কাজল (২২) শ্যামপুরের কলিমউল্লাহ বাগের আনোয়ার হোসেনের ছেলে।
শ্যামপুর থানা পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে শ্যামপুরের বাইশটেক এলাকার সিরাজমিয়ার গ্যারেজের পিছনে সাদা প্লাস্টিকের বস্তায় জবাই করা এই লাশ পাওয়া যায়। মৃতদেহের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের ভাই সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাজল বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। শুক্রবার বিকালে তাদের কাছে একটি ফোন আসে যে ক্জালের লাশ ওই স্থানে পড়ে আছে।
সেখানে গিয়ে লাশ সনাক্ত করে পুলিশে খবর দেওয়া হয়।
শ্যামপুর থানার উপপরিদর্শক শেখ শফিকুর রহমান বলেন, স্বজনের কাছে খবর পেয়ে কাজলের জবাই করা লাশ উদ্ধার করা হয়। লাশটি এখন
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে।
তবে কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে পুলিশ কিছু বলতে পারেনি। কাজল বেশ কিছুদিন ধরে বেকার ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২৩০৮ ঘ.
bdnews24