নারায়ণগঞ্জ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি টাইলসবাহী ট্রাক মহাসড়কের পাশে ডোবায় পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- নয়ন মিয়া (২৭) ও মোখলেছ (৩৫)। নয়ন ভোলার বড়নদী থানার উত্তর ভাটামারা এলাকার মশিউর রহমানের ছেলে। আর মোখলেস টাঙ্গাইলের ঘাটাইল থানার রাজেন্দ্রপুর এলাকার আবু কাশেমের ছেলে।
রূপগঞ্জে পুলিশের বেলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাঞ্চন চরপাড়া এলাকায় টাইলসবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পড়ে যায়। এ সময় ট্রাকের চালকসহ ছয় শ্রমিকের মধ্যে চারজনকে উদ্ধার করা হয়।
দুই ঘণ্টা চেষ্টার পর বাকি দুজনের লাশ পাওয়া যায় বলে জানান তিনি।
এসআই শফিক জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মজমপুর এলাকা থেকে টাইলস নিয়ে ট্রাকটি গাজীপুরের কোনাবাড়ি যাচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৫৫০ ঘ.
bdnews24