২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় দুটি ফেরির সংঘর্ষ

মুন্সীগঞ্জের মাওয়ায় চালকের অসতর্কতার কারণে দুটি চলন্ত ফেরির মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এতে বড় ধরনের কোনো বিপত্তি ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 05:49 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

মুন্সীগঞ্জ, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের মাওয়ায় চালকের অসতর্কতার কারণে দুটি চলন্ত ফেরির মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এতে বড় ধরনের কোনো বিপত্তি ঘটেনি। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ডাম্প ফেরি থোবাল-এর তলা ফুটো হয়ে যায়। পাঁচজন সামান্য আহত হন। মাওয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. খালিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলন্ত অবস্থায় ঘাটের কাছেই রো রো ফেরি ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’র সঙ্গে ডাম্প ফেরি ‘থোবাল’র সংঘর্ষ হয়। এসময় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ১৮টি যান নিয়ে মাওয়া ৩ নম্বর ঘাট ছেড়ে কিছুটা দূরে গিয়েছিল। অন্যদিকে ১৩টি যান নিয়ে কাওড়াকান্দি থেকে থোবাল মাওয়ার দিকে আসছিল। “বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের ধারণা, চালকের অসতর্কতার কারণেই এ সংঘর্ষ হয়েছে,” বলেন ওই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, সংঘর্ষে থুবাল’র তলা ফেটে যায়। সঙ্গে সঙ্গেই ফেরিটি ঘাটে ভিড়িয়ে তাড়াতাড়ি গাড়িগুলো নামিয়ে আনা হয়। পরে এটিকে মাওয়ার ভ্রাম্যমাণ কারখানায় পাঠিয়ে দেওয়া হয়। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কোনো ক্ষতি হয়নি। সেটি যথারীতি গন্তব্যে পৌঁছে। সংঘর্ষে সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘাটে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এসআই খালিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩৪৫ ঘ.