২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতার পদত্যাগে কর্মীদের অবরোধ-ভাংচুর

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর পদত্যাগের খবরে তার সমর্থকরা সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 05:46 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

নোয়াখালী, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর পদত্যাগের খবরে তার সমর্থকরা সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করেছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ওই কর্মীরা আওয়ামী লীগের জেলা কার্যালয়েও চেয়ার-টেবিল ভাংচুর ও অগ্নিসংযোগ করে। সংসদ সদস্য একরামুল করিম সাংবাদিকদের বলেছেন, শারীরিক অসুস্থতার কারণে দলীয় পদ থেকে অব্যাহতি চেয়েছেন তিনি। নেতার অব্যাহতি দেওয়ার কথা শুনে কর্মী-সমর্থকরা জেলা শহরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে ও ভাংচুর চালায়। তারা একটি বাস, সিএনজিচালিত চারটি অটোরিকশা, পাঁচটি মটর সাইকেল ও দুটি ভ্যানগাড়ি ভাংচুর করে। এক পর্যায়ে জেলা কার্যালয়ে ভাংচুর চালায় এবং চেয়ার-টেবিলে আগুন লাগালে অগ্নি নির্বাপন বাহিনীর কর্মীরা এসে তা নিয়ন্ত্রণে আনে। সদর থানার ওসি মোশাররফ হোসেন তরফদার সাংবাদিকদের জানান, শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনাম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার দিন আগে একরামুল করিম পদত্যাগপত্র জমা দেন। তবে জেলা কমিটি তা প্রত্যাহারের জন্য তাকে অনুরোধ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এমআই/২৩৪১ ঘ.