চট্টগ্রাম, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর থানার মাইলের মাথা এলাকায় বৃহস্পতিবার টেইলরচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।
বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা প্রতিবাদে সড়ক অবরোধ করে। এক ঘণ্টা পর পুলিশ তাদের উঠিয়ে দেয়।
নিহতের নাম মো. বাদশা (২২)। তিনি নগরীর সানম্যান গ্রুপের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।
বন্দর থানার ওসি নুরুল আবছার ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাইলের মাথায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় টেইলর চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা ওই স্থানে সড়ক অবরোধ করে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) মোস্তাক আহমেদ জানান, শ্রমিকদের তুলে দেওয়া হলে প্রায় এক ঘণ্টা পর ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩১৭ ঘ.
bdnews24