২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের হাত থেকে পালালো ‘হাতকড়াসহ’ আসামি

গাজীপুর সদর উপজেলায় পুলিশের হাত থেকে ‘হাতকড়া পরা অবস্থায়’ এক আসামি পালিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 05:01 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

গাজীপুর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় পুলিশের হাত থেকে ‘হাতকড়া পরা অবস্থায়’ এক আসামি পালিয়ে গেছে। তবে পুলিশ দাবি করছে, হাতকড়াসহ আসামি পালায়নি। বৃহস্পতিবার বিকেলে একাধিক মামলার আসামি রফিকুল ইসলামকে উপজেলার বানিয়ার চালা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জয়দেবপুর থানায় নিয়ে যাওয়ার পথে তিনি উপজেলার ওমর আলীর টোক এলাকা থেকে পালিয়ে যান বলে জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। রফিকুল (২৮) উপজেলার বানিয়ার চালা এলাকার তসলিম উদ্দিন ব্যাপারীর ছেলে। একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম ও আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, রফিকুলকে ধরতে বিকালে উপ-পরিদর্শক (এসআই) মো. মিঠু শেখ পুলিশ সদস্যদের নিয়ে বানিয়ার চালা এলাকায় যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পাশেই মামার বাড়িতে চলে যান। পুলিশ সেখানে গিয়ে তাকে ধরে ফেলে। পরে থানায় নিয়ে আসার পথে ওমর আলীর টোক এলাকায় রফিকুলের পরনের কাপড় ঠিক করে দেওয়ার কথা বলে তার মামা লোকমান ও আজগর তাকে একপাশে নিয়ে যান। এসময় রফিকুল হাতকড়া পরা অবস্থায় দৌড়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী এ দু’জন দাবি করেন। অবশ্য জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রফিকুল পালিয়ে গেছে তা ঠিক। তবে হাতকড়াসহ নয়।” এ ব্যাপারে জানতে এসআই মিঠু শেখকে তার মোবাইলে ফোনে কল করা হলে প্রথমে তিনি ফোন রিসিভ করেননি। পরে আবার কল করা হলে তিনি মোবাইল ফোন বন্ধ করে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৪৫ ঘ.