২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাহারাকে ১ লাখ একর জমি দেওয়ার কথা স্মারকে নেই’

ভারতের সাহারা গ্রুপের সঙ্গে আবাসন খাতে বিনিয়োগ সংক্রান্ত সমঝোতা স্মারকে এক লাখ একর জমি দেওয়ার বিষয়টি নেই বলে সংসদে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 04:56 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সাহারা গ্রুপের সঙ্গে আবাসন খাতে বিনিয়োগ সংক্রান্ত সমঝোতা স্মারকে এক লাখ একর জমি দেওয়ার বিষয়টি নেই বলে সংসদে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে প্রশ্নোত্তরে একথা জানান তিনি। লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজানের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেছেন, “বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ঢাকার চারপাশে সাহারা গ্রুপকে এক লাখ একর জমি দেওয়ার বিষয়টি সঠিক নয়। এই সংক্রান্ত কোনো তথ্য এমওইউ’তে উল্লেখ নেই।” মান্নান খান বলেন, এই ধরনের আবাসন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কৃষিজমির মালিকদের বিষয়টি সরকার সব সময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। প্রতিমন্ত্রী জানান, সাহারার সঙ্গে তিনটি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। এগুলো হলো- ঢাকার কাছে একটি নতুন শহরের নকশা ও পরিকল্পনা প্রণয়ন, আর্থিক নিরাপত্তাসহ নি¤œ আয়ের জনগোষ্ঠীর জন্য আবাসন প্রকল্প গ্রহণ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন ইন্টিগ্রেটেড টাউনশিপ প্রকল্পের নকশা ও পরিকল্পনা প্রণয়ন। কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে মান্নান খান জানান, ঢাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বর্তমানে মাত্র ৭ শতাংশ আবাসন সুবিধা পাচ্ছেন। আবাসন সুবিধা না পাওয়াদের জন্য গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে ছয়টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদ সদস্য সালমা ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “ঝিলমিল আবাসিক প্রকল্পে যেসব আবেদনকারী প্লট বরাদ্দ পেয়েছেন তাদেরকে ২০১২ সালের মধ্যে প্লট সরেজমিনে দখল প্রদানের জন্য কার্যক্রম চলছে।” নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন বলেন, সরকার দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে দপ্তরি কাম প্রহরী নিয়োগের পদক্ষেপ নিয়েছে। এজন্য ৩৬ হাজার ৯৮৮টি পদ সৃজনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশ পাওয়া গেছে। এখন অর্থমন্ত্রণালয়ের সম্মতির জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। নূর ই হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, দেশে দাখিল ও আলিম মাদ্রাসার সংখ্যা ৮ হাজার ১৮০টি। এরমধ্যে ৬ হাজার ৪৭১টি এমপিওভুক্ত। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত ১ হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে। বাজেটে অর্থ বরাদ্দ করা হলে নতুন কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২৫১ ঘ.