২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরা চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ভুয়া নথি দেখিয়ে জমি দখলের চেষ্টার একটি মামলায় বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুয়া নথি দেখিয়ে জমি দখলের চেষ্টার একটি মামলায় বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৈয়বুল হাসান বৃহস্পতিবার এ আদেশ দেন। দক্ষিণ কেরানীগঞ্জের কুমুলি গ্রামের কৃষক আবেদ আলীর পক্ষে তার ছেলে নূর মোহাম্মদ গত ৩ মে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলা দায়ের করেন। আদালত ওইদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসিকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলেন। ওসি বেলায়েত হোসেন বৃহস্পতিবার আদালতে জমা দেওয়া প্রতিবেদনে জানান, নথি জাল করার অভিযোগ সঠিক বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। এরপর বিচারক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। আহমেদ আকবর সোবহান ছাড়া মামলার বাকি নয় আসামি হলেন- দক্ষিণ কেরানীগঞ্জের সোনাকান্দা গ্রামের মো. লিটন, কুমলী গ্রামের আব্দুল করিম, শামসুদ্দিন, রহিম মিয়া, শেখ ফরিদ, আখতার হোসেন, মো. আনিস, চর কদমপুর গ্রামের মোফাচ্ছেল হোসেন ও হাসনাবাদ গ্রামের আবুল হোসেন। তাদের গ্রেপ্তার করার পরোয়ানা তামিলের বিষয়ে ৮ অগাস্ট আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে পুলিশকে। মামলায় অভিযোগ করা হয়, আসামি লিটন জাল আম মোক্তারনামার (পাওয়ার অব অ্যাটর্নি) মাধ্যমে গত ফেব্রুয়ারি মাসে কাজির গাওয়ে আবেদ আলীর ২০ শতাংশ সম্পত্তি ইস্ট ওয়েস্ট প্রোপার্টর কাছে বিক্রি করে। আহমেদ আকবর সোবহানসহ আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ওই জামি গ্রাস করার চেষ্টা করেন। এর প্রতিবাদ করলে আসামিরা বাদিকে হুমকি দেয় বলেও মামলার আর্জিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৭৫৮ ঘ.