২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইম ইউনিভার্সিটির উত্তরা ক্যাম্পাস বন্ধে ইউজিসির চিঠি

অনুমোদন না থাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম ইউনিভার্সিটির উত্তরা ক্যাম্পাস বন্ধ করতে শিক্ষা মন্ত্রণালয়ে আবারো চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 09:50 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমোদন না থাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম ইউনিভার্সিটির উত্তরা ক্যাম্পাস বন্ধ করতে শিক্ষা মন্ত্রণালয়ে আবারো চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এর আগে গত ১৮ এপ্রিল একই বিষয়ে মন্ত্রণালয়কে চিঠি দেয় ইউজিসি। উত্তরা ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র স্মরণীর ৪২ ভবনে প্রাইম ইউনিভার্সিটির উত্তরা ক্যাম্পাস। বুধবার ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. শামসুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, “প্রাইম ইউনিভার্সিটির উত্তরা ক্যাম্পাসটি অননুমোদিত বিধায় ওই ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের ভর্তি না হওয়ার জন্য কমিশন গত ২৫ এপ্রিল কয়েকটি জাতীয় দৈনিকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে।” চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়টির পরিচালক আবুল হোসেন ওই ক্যাম্পাস চালানোর অনুমতির জন্য আদালতে যান। তিনি সিএমএম কোর্ট ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তিনটি মামলা করলে আদালত সেগুলো খারিজ করে দেয়। তাই ওই ক্যাম্পাসটি বন্ধের ব্যাপারে মামলা সংক্রান্ত আর কোনো বাধা নেই। প্রাইম ইউনিভার্সিটির উত্তরা ক্যাম্পাস বন্ধে প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়া যেতে পারে বলেও চিঠিতে বলা হয়। এই ক্যাম্পাস বন্ধে এর আগে গত ১৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয় ইউজিসি। কিন্তু তাতে কোনো অগ্রগতি না থাকায় বুধবার দ্বিতীয়বারের মতো ওই চিঠি দেওয়া হয়। এ বিষয়ে ইউজিসির সদস্য অধ্যাপক আতফুল হাই শিবলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধের এখতিয়ার ইউজিসির হাতে না থাকায় শিক্ষা মন্ত্রণালয়কে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/জিএনএ/১৫৪৯ ঘ.