২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক ভবনে গুলির মামলায় দুই আসামি গ্রেপ্তার

দেশের যোগাযোগ প্রশাসনের কেন্দ্রবিন্দু সড়ক ভবনে দরপত্র ছিনতাই ও গুলির ঘটনায় কর্মচারী ইউনিয়নের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 05:36 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের যোগাযোগ প্রশাসনের কেন্দ্রবিন্দু সড়ক ভবনে দরপত্র ছিনতাই ও গুলির ঘটনায় কর্মচারী ইউনিয়নের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এর হলেন- সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মচারী ইউনিয়নের সহ সভাপতি ফজলুর রহমান ফজলু (৫৫) ও সাধারণ সম্পাদক কামাল উদ্দীন খন্দকার (৪৮)। র‌্যাব-৩ এর অধিনায়ক রফিকুল ইসলাম আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে সেগুনবাগিচা এলাকা থেকে ফজলু ও কামালকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। টিকাটুলীর র‌্যাব কার্যালয়ে এই দুজনকে সাংবাদিকদের সামনে হাজির করে বিস্তারিত জানানো হবে বলেও জানান রফিকুল। সড়ক ভবনে দরপত্র পেতে আধিপত্য বিস্তারের জেরে ১২ জুন বিকালে ক্ষমতাসীন দলের সমর্থক দুটি পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক শামীম শাহরিয়ারসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ২০-২৫ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করেন গোলাম আযম মামুন নামের এক ঠিকাদার। ওই মামলায় ঘটনার রাতেই রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আবুল কালাম আজাদ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া মো. মঈন উদ্দিন নামের আরেক ঠিকাদার বুধবার মুখ্য মহানগর হাকিমের আদালতে আরেকটি মামলা করেন, যাতে আসামি করা হয়েছে ছয়জনকে। এ মামলার আসামি ফরিদ আহমেদ ওরফে ধলা সেন্টু, শামীম শাহরিয়ার, হুমায়ুন কবির টুটুল, মতিউর রহমান ঝুমু, ইকবাল হোসেন ও মো. খোকন সেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা-কর্মী বলে দাবি করেছেন বাদি। ঘটনার কারণ অনুসন্ধানে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলীকে প্রধান করে তিন সদস্যর কমিটি গঠন করে যোগাযোগ মন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/কেটি/জেকে/১১৩০ ঘ.