যশোর, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে সংসদের হুইপ শেখ আব্দুুল ওহাবের গাড়িবহরে আগুন দেওয়ার মামলায় চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
যশোরের বিচারিক হাকিম নাজমুস সাদাত বুধবার এ আদেশ দেন বলে পুলিশ জানিয়েছে।
যশোর কোর্ট উপ-পুলিশ পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ছয়জনকে আদালতে হাজির করে হেফাজতের (রিমান্ড) আবেদন জানানো হলে তা মঞ্জুর হয়।
গত ২ জুন হুইপ শেখ আব্দুল ওহাব বিল কাপালিয়ায় জোয়ারাধার (টিআরএম) প্রকল্প দেখতে গেলে এলাকাবাসী পুলিশের একটি গাড়িসহ ১১টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করে। প্রকল্প বিরোধীরা এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে পুলিশের দাবি।
এ ঘটনার পর অভয়নগর থানায় দুটি মামলা হয়। গত ১৪ জুন ঢাকা থেকে ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এসআই আরো বলেন, আদালত শওকত হোসেনকে দুইদিনের এবং ওমর আলী, মোহাম্মদ আলী ও আব্দুর রাজ্জাককে একদিনের হেফাজত মঞ্জুর করেছে।
এছাড়া অপর দুই আসামি হাফিজুর রহমান ও নাজমুল হোসেন বয়োবৃদ্ধ হওয়ায় তাদের জেল-হাজতে জিজ্ঞসাবাদের জন্য বলেছে, বলেন এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২২৭ ঘ.
bdnews24