২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ার সব কারখানা খুলে দেওয়ার ঘোষণা

শ্রমিক অসন্তোষের পর মালিক পক্ষের সিদ্ধান্তে চার দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে খুলছে সাভারের আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 12:29 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক অসন্তোষের পর মালিক পক্ষের সিদ্ধান্তে চার দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে খুলছে সাভারের আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা। বুধবার শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠকে শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা কারখানা খুলে দিতে সম্মত হন। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “কাল থেকে সব কারখানা খোলা থাকবে। এজন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছি। তারা সব কারখানা খুলে দেওয়ার ব্যাপারে তাদের সম্মতি দিয়েছে।” শ্রমিকদেরও শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনও একই কথা জানিয়ে বলেন, “সরকারের সঙ্গে আলোচনা এবং নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাসে আমাদের মধ্যে আস্থার সৃষ্টি হয়েছে। এজন্য আমরা কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভে গত ১১ জুন থেকে অস্থিরতার পর গত শনিবার আশুলিয়ার সব কারখানা বন্ধের ঘোষণা দেয় বিজিএমইএ ও বিকেএমইএ। এতে রোববার থেকে আশুলিয়ার ৩৫০টি পোশাক কারখানা বন্ধ হয়ে যায়। অনিশ্চয়তায় পড়ে সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ শ্রমিক। শ্রমিকদের মজুরি বা বেতন বাড়ানোর দাবি প্রসঙ্গে শ্রমমন্ত্রী বলেন, “এ সংক্রান্ত কোনো যৌক্তিক সুনির্দিষ্ট দাবি বা প্রস্তাব এখনো সরকারের কাছে আসেনি। তাদের কোনো যৌক্তিক দাবি না পাওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কোনো যৌক্তিক দাবি পেলে সরকার এ ব্যাপারেও পদক্ষেপ নেবে।” মন্ত্রীর সঙ্গে শিল্প মালিকদের বৈঠকের ঠিক আগে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান তৈরি পোশাক শিল্পের শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে দ্রব্যমূল্য, বাড়িভাড়া বৃদ্ধির বিষয়টি তুলে ধরে বেতন বাড়ানোর দাবি জানান শ্রমিক নেতারা। খাদ্য সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য এবং বাড়ি ভাড়া বৃদ্ধির কথা শ্রমমন্ত্রীও স্বীকার করেন। তিনি বলেন, “খাদ্য সামগ্রীসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে প্রধানমন্ত্রী এ খাতের শ্রমিকদের রেশনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। শিগগরিই রেশনের ব্যবস্থা করা হবে। পরবর্তীতে অন্য বিষয়গুলোও সরকার দেখবে।” বাসা ভাড়া বৃদ্ধিকে অযৌক্তিক উল্লেখ করে খোন্দকার মোশাররফ বলেন, যাতায়াত ও বাসা ভাড়া বৃদ্ধি শ্রমিকদের জন্য বড় সমস্যা। বছরে কয়েকবার অযৌক্তিকভাবে বাসা ভাড়া বাড়ছে। এটা কাম্য নয়। এজন্য বাসা ভাড়া সংক্রান্ত আইন কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, “আইন লঙ্ঘন করে ঘন ঘন অযৌক্তিকভাবে বাসা ভাড়া বাড়ালে সরকার কঠোর আইনি পদক্ষেপ নেবে।” আন্দোলনরত শ্রমিকদের শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “সরকার আগেও কোনো অযৌক্তিক বিশৃঙ্খলা বা উস্কানি মেনে নেয়নি। ভবিষ্যতেও মেনে নেওয়া হবে না। “এই শিল্পকে নিয়ে উস্কানি ও ষড়যন্ত্র চলছে। ধ্বংসাত্মক যে কোনো কাজের জন্য কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” ষড়যন্ত্রের কথা ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও বুধবার দলের এক সভায় বলেছেন। তার দাবি, প্রভাবশালী একটি দেশ পোশাক শিল্পে অস্থিরতায় ইন্ধন দিচ্ছে। অন্যদিকে একইদিন বিএনপি নেতা মঈন খান বলেছেন, ভারত অস্থিরতায় ইন্ধন দিচ্ছে। মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, “বন্ধ রাখার জন্য আমরা কেউ কারখানা করিনি। নিরাপত্তাহীনতা এবং বিশৃঙ্খলার জন্য এগুলো বন্ধ করা হয়েছে।” “সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। এতে আস্থাশীল হয়ে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে,” বলেন তিনি। শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি প্রসঙ্গে মালিক পক্ষের নেতা বলেন, “এখনো এমন কোনো দাবি সরকার বা মালিকপক্ষের কাছে আসেনি। এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” শিল্প মালিকদের সঙ্গে বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, সাবেক সভাপতি সালমান এফ রহমান, বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুল হক ছিলেন। এর আগে প্রায় ৪০টি শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে চার ঘণ্টাব্যাপী বৈঠক করেন প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। বৈঠকের পর শ্রমিক নেতারা সাংবাদিকদের জানান, তাদের দাবি পূরণের বিষয়ে শিল্প মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। এরপর মন্ত্রী খোন্দকার মোশাররফও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। মালিক-শ্রমিক উভয়পক্ষকে কারখানা খুলে দিতে এবং কাজের যোগ দেওয়ার ব্যাপারে রাজি করান তিনি। সরকারের হিসাব অনুযায়ী, দেশের সাড়ে ৩ হাজার পোশাক কারখানা রয়েছে। এরমধ্যে আশুলিয়ায় রয়েছে ৩৫০টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২০০০ ঘ.