চট্টগ্রাম, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগে একুশে টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক মাহাথীর ফারুকীর বিরুদ্ধে ঢাকার পর চট্টগ্রামেও মামলা হয়েছে।
বুধবার নগরীর পাঁচলাইশ এবং মঙ্গলবার বায়েজিদ থানায় দায়ের করা দুটি মামলায় এই সাংবাদিকের স্ত্রী সিনথিয়া আলমগীরকেও আসামি করা হয়েছে। মামলা দুটি করেন যথাক্রমে আমিনুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল্লাহ।
মামলা দুটির অন্য তিন আসামি হলেন- ওয়াকিদুজ্জামান ডাবলু (৩৪), ওয়াসিম আহম্মদ (৩০) ও ইব্রাহিম হাসান সোহাগ (২৭)।
দুই মামলায়ই মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ‘গ্লোবাল মানি সুইম কর্পোরেশন লিমিটেডের’ এই পাঁচজনের বিরুদ্ধে প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গ করে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বায়েজিদ থানায় করা মামলায় সাইফুল্লাহ অভিযোগ করেছেন, আসামিরা তাদের কোম্পানিতে অর্থ বিনিয়োগ করলে ছয় মাসে দ্বিগুণ লাভ দেওয়ার কথা বলে গত বছরের ২৭ নভেম্বর ৯০ হাজার টাকা এবং ৯ ডিসেম্বর আরো ১ লাখ ২০ হাজা টাকা নিয়ে আত্মসাৎ করেন।
বায়েজিদ থানার এসআই মোহাম্মদ শরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিরা পরিকল্পিতভাবে ও পরস্পর যোগসাজসে সুকৌশলে এ প্রতারণা করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পাঁচলাইশ থানায় আমিনুল ইসলামের করা মামলায় ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে বলে জানান ওই থানার এসআই এস এম মেজবাহ।
এর আগে ঢাকায়ও একই অভিযোগে মাহাথীর ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা হয়।
ওই মামলার পর একুশে টিভির এই সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি শুরুতে ওই কোম্পানিতে জড়িত থাকলেও পরে সেখান থেকে সরে এসেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এমআই/২১৩৫ ঘ.
bdnews24