২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ট্রান্সফরমার চুরিতে বাধা, একজন ‘খুন’

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রান্সফর্মার চুরিতে বাধা দেওয়ায় একজন খুন হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 03:20 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

গাইবান্ধা, ২০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রান্সফর্মার চুরিতে বাধা দেওয়ায় একজন খুন হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বুধবার ভোর রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নরেন্দ্র নাথের (৬৫) বাড়ি রংপুর সদরের পাল পাড়ায়। তিনি স্থানীয় রামদেব এলাকার নজরুল ইসলামের ‘হোপ এগ্রো লিমিটেডে’ থাকতেন। সুন্দরগঞ্জ থানার ওসি মঞ্জুরুল রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর রাতে কয়েকজন চোর হোপ এগ্রো লিমিটেড’র চাতালে স্থাপিত তিনটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার ও যন্ত্রাংশ নিয়ে যাচ্ছিল। এ সময় চাতালের নৈশ প্রহরী জালাল মিয়া, অশ্বিনী কুমার ও নরেন্দ্র নাথ তাদের বাধা দিলে চোরেরা তাদের বেঁধে রেখে চলে যায়। সকালে স্থানীয়রা তাদের উদ্ধার করে। এ সময় নরেন্দ্রকে মৃত পান তারা। ওসি আরো বলেন, মোটা কাপড় দিয়ে নাক-মুখ বাঁধার কারণে শ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় চুরি ও হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১১৪ ঘ.