চট্টগ্রাম, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস চাপায় পোশাক শ্রমিক নিহত হওয়ায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার ও বিজিএমইএ।
বুধবার বিকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সচিব ওসমান গণি ও বিজিএমই’র অতিরিক্ত সচিব ইফতেখার হাসান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
সেইসঙ্গে বুধবার সকাল ৮ টার দিকে আগ্রাবাদের যমুনা ভবনের সামনে বাস চাপায় আনোয়ারা ফেব্রিকের সুপারভাইজার পিন্টু দাশের মৃত্যুতে শোক প্রকাশ করে সংগঠন দুটি।
বহিরাগতরা গুজব ছড়ানোয় এ অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে বলে বিজিএমই’র বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
চেম্বারের বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন নিজের হাতে তুলে নিয়ে এই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে।
বাস চাপায় পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সকাল সাড়ে ৮ টার দিকে আনোয়ারা ফেব্রিকের শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। তারা দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাস্তায় নামলে শ্রমিকদের সঙ্গে তাদের মৃদু সংঘর্ষ হয়।
এর পর শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।
বাসের আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এলে শ্রমিকরা একটি অগ্নি নির্বাপণ গাড়িও ভাঙচুর করে। এদিকে বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা পার্শ্ববর্তী জীবন করপোরেশনের সেবা বিভাগের বেশ কিছু সরঞ্জাম ভাঙচুর করে।
এছাড়া একই স্থানে অবস্থিত এমব্রোসিয়া রেষ্টুরেন্টের বাইরের কাঁচও ভাঙচুর করে পোশাক শ্রমিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২০২১ ঘ.
bdnews24