২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মা সেতু দুর্নীতি নিয়ে পত্রিকাগুলো গল্প লিখেছে’

পদ্মা সেতু নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠানের কাজ পাইয়ে দিতে সাবেক যোগাযোগমন্ত্রীসহ কয়েক কর্মকর্তা ১০ শতাংশ কমিশন দাবি করেছিলেন- গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনকে ‘গল্প’ বলে আখ্যায়িত করেছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 01:37 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠানের কাজ পাইয়ে দিতে সাবেক যোগাযোগমন্ত্রীসহ কয়েক কর্মকর্তা ১০ শতাংশ কমিশন দাবি করেছিলেন- গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনকে ‘গল্প’ বলে আখ্যায়িত করেছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান। তিনি দাবি করেন, “এ বিষয়ে কয়েকটি পত্রিকা আজ (বুধবার) গল্প লিখেছে। তবে তা এক রকম না। একটু পার্থক্য আছে। ওনারা যে তথ্য লিখেছেন; তা আমার জানা তথ্যের সঙ্গে মিল নেই। ওই তথ্যে গড়মিল রয়েছে।” বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের এ সব কথা বলেন। বুধবার কয়েকটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয় যে, সাবেক যোগাযোগমন্ত্রী (বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী) সৈয়দ আবুল হোসেন, সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও পদ্মা সেতু প্রকল্পের সাবেক পরিচালক রফিকুল ইসলাম পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠানের কাজ পাইয়ে দিতে ১০ শতাংশ ঘুষ দাবি করেছিলেন। এ সম্পর্কে গোলাম রহমান বলেন, “এটা তদন্তাধীন বিষয়। এ বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। তবে ওনারা অর্থ দাবি করেছেন এ তথ্য ঠিক নয়। বিশ্বব্যাংক আমাদের কাছে কিছু তথ্য-উপাত্ত দিয়েছে, সেখানে কিছু ঘটনার কথা বলা হয়েছে যা বিধি সম্মত নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।” তাহলে তাদের নাম কেন এলো- এই প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, “অভিযোগের মধ্যে অনেকের নাম আসতে পারে। কিন্তু তার মানে এই নয় যে তারা অপরাধী। তাছাড়া কোনো একটি অভিযোগ এলে সে বিষয়ে শীর্ষ কর্তৃপক্ষের দিকেই মানুষ আঙ্গুল তোলে।” পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক এই প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণ স্থগিতের পর বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেয় দুদক। এক দফা তদন্তের পর গত ২ ফেব্রুয়ারি দুদক জানায়, মূল সেতু নির্মাণে প্রাকযোগ্য প্রতিষ্ঠান নির্বাচনে কোনো রকম দুর্নীতি হয়নি। তবে পরামর্শক নিয়োগে অনিয়ম নিয়ে তাদের তদন্ত চলছে। এ বিষয়ে স¤প্রতি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ও জাতীয় সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনের ভাই নিক্সন চৌধুরীকেও জিজ্ঞাসাবাদ করে দুদক। পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ রয়েছে ৩০০ কোটি টাকা। ড. জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে একটি মূল্যায়ন কমিটি পরামর্শক হিসেবে পাঁচটি প্রতিষ্ঠানের নাম সুপারিশ করেছিল। এর প্রথমটি ছিল এসএনসি-লাভালিন। অন্যগুলো হলো- যুক্তরাজ্যের হালক্রো গ্রুপ, নিউজিল্যান্ডের প্রতিষ্ঠান একম অ্যান্ড এজেডএল, জাপানের ওরিয়েন্টাল কনসালটেন্ট কোম্পানি লিমিটেড এবং যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের জয়েন্ট ভেনচার কোম্পানি হাই পয়েন্ট রেন্ডাল কানাডা ও যুক্তরাজ্যের যৌথ অংশীদারিত্বের প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় কানাডায় তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৯২৪ ঘ.