ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনির বিরুদ্ধে উঠা দুর্নীতি-অনিয়ম অনুসন্ধানে প্রতিষ্ঠানটির আরো ১২ কর্মকর্তাকে বুধবার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।
এ বিষয়ে আগের দিনও (মঙ্গলবার) চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
এ নিয়ে সম্প্রতি ডেসটিনি ২০০০ লিমিটেড এবং ডেসটিনি গ্রুপের ৩২ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করল দুদক। এদের মধ্যে ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন ও চেয়ারম্যান মাহমুদ হোসেনও রয়েছেন।
বুধবার যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন; ডেসটিনি ২০০০ লিমিডেট এর পরিচালক জামসেদ আরা চৌধুরী, প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডার বিপ্লব কুমার শীল, মো. মাহবুবুর রহমান, আশারাফুল আমিন ও শাহ আলম।
এছাড়াও ডেসটিনি মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (ডিএমসিএসএল) সাবেক সহসভাপতি মো. আনোয়ার হোসেন, সাবেক কোষাধ্যক্ষ মো. আকবর হোসেন সুমন, সাবেক যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন রানা, আজাদ রহমান, জসিম উদ্দিন ভূঁইয়া, সাবেক সদস্য শান্ত শিকদার ও এস এম আহসানুল করিম।
আগের দিন জিজ্ঞাসাবাদ করা হয় ডিএমসিএসএল-এর নির্বাহী পরিচালক এম এ মোহিত, ব্যবস্থাপনা পরিচালক অশোক কুমার সাহা, সাবেক সম্পাদক মো. জাকির হোসেন ও সাবেক কোষাধ্যক্ষ মো. আকবর হোসেনকে।
বাংলাদেশ ব্যাংকের তদন্তে ডেসটিনির আর্থিক অনিয়ম ধরা পড়ার খবর গণমাধ্যমে প্রকাশ হলে তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। কমিশনের উপ-পরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলামকে নিয়ে একটি তদন্ত দলও গঠন করা হয়।
প্রায় দুই মাস অনুসন্ধান শেষে গত ২৩ মে কমিশনে প্রতিবেদন জমা দেয় তদন্ত দল। এতে ডেসটিনি ২০০০ লিমিটেড এবং এর সহযোগী অপর প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায় বলে উল্লেখ করে তদন্ত দল।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানির শীর্ষ ব্যক্তিরা কয়েকশ’ কোটি টাকার দুর্নীতি করেছে। এছাড়া বিদেশ থেকে কম দামে পণ্য আমদানি এবং দেশের মধ্যে কম দামে জমি কিনে তা গ্রাহকদের কাছে বেশি দাম দেখানো হয়েছে। আর ওই অতিরিক্ত অর্থ কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে কর্মকর্তারা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৮৫৬ ঘ.
bdnews24