ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি জুট মিলের মূল্য কম দেখিয়ে প্রতারণার অভিযোগে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ ছয়জনের বিরুদ্ধে করা একটি মামলা তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূর বুধবার মতিঝিল থানার ওসিকে এ অভিযোগ তদন্তের নির্দেশ দিয়ে আগামী ৯ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন।
গত ৪ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা করেন ফরিদপুরের শিবরামপুর এলাকার বি এস জুট স্পির্নাস মিলস লিমিটেডের পরিচালক আওলাদ হোসেন বাবর।
মামলার আসামিরা হলেন, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান, প্রধান কার্যালয়ের সহকারী মহা ব্যবস্থাপক (ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশন) মো. কামরুজ্জামান খান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার কে এম সারোয়ার রশিদ, নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান এবং বি এস জুট স্পিনার্স মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াসমিন আরা হক ও ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হক।
বাদির আইনজীবী মো. হারুন-অর-রশীদ সাংবাদিকদের জানান, ওই প্রতিষ্ঠানের ৩০ ভাগ শেয়ারের মালিক আওলাদ হোসেন। ইয়াসমিন আরা ও জহিরুল হকের কাছে তিনি তার মালিকানা হস্তান্তর করতে চান।
প্রতিষ্ঠানটি জনতা ব্যাংকের অর্থায়নে পরিচালিত হচ্ছিলো জানিয়ে তিনি বলেন, মালিকানা হস্তান্তরের প্রক্রিয়ায় জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের ওই তিন কর্মকর্তাকে দিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি করেন ওই মিলের সব সম্পদের হিসাব করে তার শেয়ার মূল্য নির্ধারণের জন্য।
মামলায় অভিযোগ করা হয়, ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগসাজশে ব্যাংক কর্মকর্তারা মিলের শেয়ার মূল্য কম দেখান।
“ওই মূল্যায়ন প্রতিবেদনে মিলটির পাঁচটি জমির দলিলের পরিবর্তে দুইটি দলিলের জমি দেখানো হয়। এতে বাদির জমির পরিমাণ ১৫৫ শতাংশ কম দেখানো হয়।”
এছাড়া জমির বর্তমান বাজার দর ও বিভিন্ন যন্ত্রপাতির মূল্য উদ্দেশ্যমূলকভাবে ওই কমিটি প্রকৃত মূল্যের চেয়ে কম দেখায় বলে মামলায় অভিযোগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/১৮৫৩ ঘ.
।
bdnews24