সিলেট, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে দাদি-নাতনি হত্যায় জড়িত অভিযোগে আরো দুইজনকে গ্রেপ্তার করেছে করেছে র্যাব।
বুধবার ভোর রাতে শহরতলির খাদিমপাড়া ইউনিয়নের পূর্ব দলইপাড়া থেকে মাহবুব আলম (১৯) ও খাদিমনগর বিএডিসি এলাকা থেকে রুহুল আমিন রানাকে (২৪) গ্রেপ্তার করা হয়।
এর আগে ১০ জুন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তারেক ও ফারুক নামে দুইজনকে আটক করা হয়েছিল।
গত ৯ জুন পূর্ব দলইপাড়ার এনজিও কর্মকর্তা নাসির উদ্দিনের বাড়ি থেকে তার মা মোমেনা বেগম (৭০) এবং মেয়ে সাদিয়া আক্তারের (৬) লাশ উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাব্বির আহমদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, র্যাবের জিজ্ঞাসাবাদে মাহবুব জানিয়েছে ঘটনার দিন সে তার খালার (সাদিয়ার মা) বাড়ি গিয়ে ল্যাপটপ চুরি করে নিয়ে যাওয়ার সময় খালাতো বোন সাদিয়া দেখে ফেলে।
তাই তাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে। সাদিয়ার চিৎকারে বৃদ্ধা মোমেনা বেগম এগিয়ে এলে তাকে রডের আঘাতে হত্যা করে বলে মাহবুব র্যাবকে জানিয়েছে, বলেন র্যাব কর্মকর্তা।
মাহবুব ল্যাপটপটি রানার কাছে বিক্রি করেছে বলে জানিয়েছে।
র্যাব কর্মকর্তা আরো বলেন, তাদের স্বীকারোক্তি অনুযায়ী নগরীর চৌহাট্টা থেকে ল্যাপটপ এবং সুনামগঞ্জ থেকে মোবাইল ফোন সেটটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের শাহপরাণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩১ ঘ.
bdnews24