ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটার তালিকায় বিদেশি নাগরিকদের অন্তর্ভুক্তি ঠেকাতে বিশেষ কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ভোটার তালিকায় রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে পার্বত্য চট্টগ্রাম এলাকার জন্য বিশেষ কমিটি করা হয়েছে। আলাদা তথ্য নেওয়া হচ্ছে, যেন ওই এলাকাতে কোনো বিদেশি নাগরিক ভোটার হতে না পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রধান করে গঠিত বিশেষ কমিটিতে সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যানদের রাখা হয়েছে বলে জানান সিইসি।
তিনি বলেন, “ভোটার হওয়ার এক নম্বর শর্ত হচ্ছে বাংলাদেশের সিটিজেন হতে হবে। সেটা নিশ্চিত করার জন্য বিশেষ ফরম করা হয়েছে। পার্বত্য এলাকায় যেন কোনো সমস্যা না হয়, বিশেষ কমিটি এ ব্যাপারে কাজ করবে।”
বর্তমানে যে পদ্ধতিতে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে তাতে ভুয়া ভোটার অন্তর্ভুক্তির সম্ভাবনা নেই দাবি করে সিইসি বলেন, ছবি ও আঙুলের ছাপ নেওয়া হচ্ছে। পরে ছবি ও স্থায়ী ঠিকানা যাচাই করা হবে। ভুয়া ভোটার ধরা পড়লে তালিকা থেকে তাদের বাদ দেওয়া হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
দ্বৈত ভোটার যেন না হয় সেজন্য আগেই আইন করা আছে জানিয়ে সিইসি বলেন, কাজের সুবিধার জন্য আইনের বিধি সংশোধন করা হচ্ছে।
সিইসি জানান, দ্বৈত ভোটার ঠেকাতে কতগুলো উপজেলাকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে। তাদের জন্য আলাদা ফরম ও আলাদা কমিটি গঠন করা হয়েছে।
বিশেষ কমিটির কাজ তদারকির জন্য বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আগের কমিশনের অনিয়ম সম্পর্কে জানতে চাইলে কাজী রকিব বলেন, “আগের আর বর্তমান কমিশন বলে কিছু নেই। কমিশন কমিশনই, কেবল মানুষ পরিবর্তন হয়। আমরা ধারাবাহিতা বজায় রেখেই কাজ করছি।”
“আমাদের কাছে কমিশনের কিছু অনিয়মের নোটিস হয়েছে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখব। এক্ষেত্রে আমাদের কোনো ভুল হলে আমরা তাও সংশোধন করব,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২২০৫ ঘ.
bdnews24