২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার আত্মজীবনী হাতে আবেগাপ্লুত দুই মেয়ে

“এতদিন এগুলো ছিল আমাদের, এখন তা জনগণের হয়ে গেল,” বললেন শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 04:01 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- “যখনই খাতাগুলো পড়তে যেতাম তখনই স্মৃতিগুলো মনে পড়ে যেত,” বললেন শেখ হাসিনা, কণ্ঠ তার বাষ্পরুদ্ধ, হাতে বাবার আত্মজীবনী, যা কেবলই গ্রন্থ আকারে প্রকাশ পেল। গণভবনে মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ যখন তুলে দেওয়া হল, তখন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার চোখেও ছিল জল। এত দিন ধরে বাবার লেখা স্মৃতি হিসেবে নিজেদের কাছে থাকলেও এখন গ্রন্থাকারে প্রকাশ পাওয়ায় একইসঙ্গে আনন্দ-বেদনার অশ্রু ঝরলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়কের দুই মেয়ের চোখে। শেখ হাসিনা বললেন, “যেদিন বইটা (ডায়েরি) তুলে দিই, সেদিন সত্যিই আমার কষ্ট হচ্ছিল। এটি হাতছাড়া করতে ভীষণ কষ্ট হচ্ছিল।” তার চোখ তখন ইউনিভার্সিটি প্রেসের কর্ণধার মহিউদ্দিনের দিকে। এই প্রতিষ্ঠানই বঙ্গবন্ধুর ডায়েরি বই আকারে প্রকাশ করেছে। পরক্ষণেই হাতে থাকা বইয়ে চোখ রেখে শেখ হাসিনা বলেন, “এতদিন ছিল এটা আমাদের, এখন জনগণের হয়ে গেল।” ১৯৬৭ থেকে ১৯৬৯ পর্যন্ত কারাগারে বন্দি অবস্থায় চারটি খাতায় ১৯৫৫ সাল পর্যন্ত নিজের আত্মজীবনী লিখে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু তা শেষ করে যেতে পারেননি। বঙ্গবন্ধু যা কারাগারে বসে লিখেছিলেন, সেই গ্রন্থের ভূমিকাও লেখা হয় কারাগারে, যা লিখেছিলেন শেখ হাসিনা। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে বন্দি থাকা অবস্থায় ভূমিকা লেখা হয় বলে জানান বর্তমান প্রধানমন্ত্রী। কী রয়েছে এই বইয়ে- তা জানাতে গিয়ে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে বেশ বেগ পেতে হয় শেখ হাসিনাকে। কিছু সময় তাকিয়ে ছিলেন ছাদের পানে। “যারা এই বইটা পড়বে, দেশ বিভাগের পর পাকিস্তানের অবস্থা, বাংলাদেশের জন্ম সম্পর্কে জানতে পারবে,” বলেন তিনি। বঙ্গবন্ধুর ডায়েরিতে যেভাবে লিখেছেন, সেভাবেই বইয়ে তুলে আনা হয়েছে বলে জানান শেখ হাসিনা। “যেভাবে লিখে গেছেন, সেভাবেই আছে। আমরা হাত দেইনি। অনেক নাম আছে, যা দেখে দেখলে মনে হবে- না থাকাই ভালো। আমরা বাদ দেইনি। ইতিহাস ইতিহাসই।” শেখ রেহানা বলেন, “কিছু তো একটা রেখে যেতে হবে। এই চিন্তা থেকেই বইটি বের করা। নতুন প্রজন্মকে তো জানাতে হবে।” আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং এর ইংরেজি সংস্করণ ‘দি আনফিনিশড মেমোরিজ’ শেখ হাসিনা অধ্যাপক সালাউদ্দিন আহমেদের হাতে তুলে দেন। সালাউদ্দিন আহমেদ এই বইটা প্রকাশের জন্য বিভিন্নভাবে পরামর্শ দিয়ে ১৯৭৫ সালে এক সঙ্গে পরিবারের সবাইকে হারানো শেখ হাসিনা ও শেখ রেহানাকে সাহায্য করেন। বইটিকে যুগোপযোগী করতে কিছুটা সম্পাদনা করা হয়। এই কাজটি করেন শামসুজ্জামান খান ও বেবী মওদুদ। বইটি ইংরেজিতে ভাষান্তর করেন অধ্যাপক ফখরুল আলম। এই বইয়ের জন্য কাজ করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব মনিনুর নেসা নিনু ও ধনেশ্বর দাশ। শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা আব্দুর রহমান (রমা) খাতাগুলো ফটোকপি করেন। এই বইয়ের জন্য যারা কাজ করেছেন, তাদের সবার হাতে বইটির বাংলা ও ইংরেজি কপি তুলে দেন প্রধানমন্ত্রী। বই প্রকাশের প্রক্রিয়া তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমি আর বেবী (বেবী মওদুদ) রিডিং পড়তাম। আর, সেটা শুনে নিনু (মনিনুর নেসা) টাইপ করত। আমি পড়ে যাচ্ছি আর ও টাইপ করে যাচ্ছে। রমা সব কাগজ ফটোকপি করে।” বঙ্গবন্ধুর বড় মেয়ে বলেন, “আমার এক আত্মীয়র কাছে চারটা খাতা ছিল। ২০০৪ সালের ২১ অগাস্টের পর এই খাতাগুলো পাই। তখন মনে হল, এটার কাজ করি।” “কখন কী হয় ? একটা কিছু বের করে যাই। আব্বার নিজের হাতে লেখা। ব্যক্তিগত কিছু আছে কিনা। পড়বো, কী পড়ব না? আপাকে জিজ্ঞেস করলাম পড়ব?” ডায়েরি সম্পর্কে বলেন শেখ রেহানা। বঙ্গবন্ধুর এই বইটিতে আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, তার বংশ পরিচয়, জন্ম, শৈশব, স্কুল ও কলেজের শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, দুর্ভিক্ষ, বিহার ও কলকাতার দাঙ্গা, দেশভাগ, কলকাতাকেন্দ্রিক প্রাদেশিক মুসলিম ছাত্রলীগ ও মুসলিম লীগের রাজনীতি, দেশ বিভাগের পরবর্তী সময়ে থেকে ১৯৫৪ সাল পর্যন্ত পূর্ব বাংলার রাজনীতি, কেন্দ্রীয় ও প্রাদেশিক মুসলিম লীগ সরকারের অপশাসন, ভাষা আন্দোলন, ছাত্রলীগ ও আওয়ামী লীগ প্রতিষ্ঠা, যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন, আদমজীর দাঙ্গা, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক শাসন ও প্রাসাদ ষড়যন্ত্রের বিস্তৃৃত বিবরণ এবং এসব বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা রয়েছে। বইটিতে জেল ও জেলের বাইরের জীবন, বাবা-মা, স্ত্রী, সন্তান ও পরিবার-পরিজনের কথাও বলেছেন জাতির জনক। গ্রন্থটির বাংলা সংস্করণের দাম থাকছে ৫২৫ টাকা এবং ইংরেজি সংস্করণ ১২০০ টাকা। উভয় বইয়ের ডিলাক্স সংস্করণের মূল্য রাখা হয়েছে যথাক্রমে ৬৫০ টাকা ও ১৫০০ টাকা। বাংলাদেশের বাইরে ভারতে পেঙ্গুইন বুকস ও পাকিস্তানে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ১৮ জুন বই দুটি প্রকাশ করছে। গণভবনে বই হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহাবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১৫৫ ঘ.