খুলনা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মেডিক্যাল কলেজে মঙ্গলবার ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষের পর পাঁচ ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
সকালে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং ছাত্রলীগ মামলা করেছে। ঘটনা তদন্তে কলেজ কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।
কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল¬াহ আল মাহবুব সাংবাদিকদের বলেন, বেলা ১২টায় একাডেমিক কাউন্সিলের সভায় পাঁচ ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এরা হলেন কে-১৬ ব্যাচের রফিকুল ইসলাম, কে-১৭ ব্যাচের জিয়াউল ইসলাম ও হাসান মামুনুর রহমান, কে-১৮ ব্যাচের নুর ইসলাম ও কে-১৯ ব্যাচের আবু তালেব শিকদার।
অধ্যক্ষ আরো বলেন, এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী অধ্যাপক ডা. রবিউল আলমকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন সহকারী অধ্যাপক ডা. মোসাম্মৎ ডালিয়া আক্তার ও এনাটমি কিউরেটর ডা. এসএম মোরশেদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষ চলাকালে ক্যাম্পাসে ব্যাপক ভাংচুর হয়। এ সময়ে তারা ইটপাটকেল নিক্ষেপ করে কলেজের জানালা ও আসবাবপত্র ভাংচুর করে। দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
পরে স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. বাহারুল আলমসহ অন্য নেতারা কলেজে এসে পরিস্থিতি শান্ত করেন।
সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক বলেন, সংঘর্ষের বিবরণ দিয়ে কলেজ অধ্যক্ষ ডা. আব্দুল্লাহ আল মাহবুব একটি জিডি করেছেন।
পরে কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন বাদী হয়ে কলেজ ছাত্রশিবিরের সভাপতিসহ ১৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা সাধারণ সম্পাদক ডা. শেখ আক্তারুজ্জামান এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, মেডিক্যাল কলেজে রাজনীতির অপচর্চার কারণে লেখাপড়ার সাধারণ পরিবেশটুকুও হারিয়ে গেছে। দীর্ঘদিন ধরে ছাত্রদল ও শিবির সমর্থক শিক্ষার্থীরা হলে অবস্থান এবং ক্লাসে যোগদান করতে না পারলেও এ ব্যাপারে কর্তৃপক্ষ বরাবরই উদাসীন থেকেছে।
এ ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ খুলনা মেডিক্যাল কলেজ শাখা সভাপতি মেহেদী হাসান মিথুন বলেন, তাদের কর্মীরা ক্যান্টিনে নাস্তা করার সময় শিবিরকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে পেছন থেকে হামলা চালায়।
এতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন শ্রাবন, চন্দন সরকার, আব্দুল্লাহ আল মঞ্জুর, অরূপ রতন রায়, তন্ময় সাহাসহ অন্তত ১৩ জন আহত হয়েছে।
এরমধ্যে পাঁচ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলেও তিনি জানান।
এছাড়া শিবিরকর্মীরা কলেজের বিভিন্ন স্থানে ভাংচুর করে একটি প্রাইভেট ক্লিনিকের অ্যাম্বুলেন্সযোগে পালিয়ে যায় বলেও তিনি জানান।
শিবিরের কলেজ সভাপতি হাসান মামুনুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, সকাল সোয়া ৯টার দিকে তাদের কয়েকজন কর্মী ক্যান্টিনে নাস্তা করতে গেলে ছাত্রলীগের ১৫/২০ জন অস্ত্রধারী তাদের ওপর হামলা চালায়।
হামলায় শেষ বর্ষের ছাত্র জিল্লুর রহমান, ৪র্থ বর্ষের ছাত্র নূর ইসলাম, ৩য় বর্ষের ছাত্র মোশাররফ হোসেন ও নূরুল ইসলামসহ ৭/৮ জন আহত হয়।
আহতদের নগরীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১১ ঘ.
bdnews24