যশোর, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে দুর্বৃত্তদের পিটুনিতে আহত যুবদল নেতা মঙ্গলবার ভোরে মারা গেছেন।
সোমবার রাতে যশোর উপশহর এলাকায় দুর্বৃত্তদের পিটুনিতে আহত হন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আশিকুর রহমান আকুল।
বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে আশিকের মৃত্যু হয়েছে।
তিনি দাবি করেন, রাত ১০টার দিকে উপশহর ই-ব্লক এলাকায় একটি সালিশ বৈঠক চলাকালে হিরণ, আসিফ ও অমিত নামের তিন বখাটে যুবক লাঠি দিয়ে আকুলকে মারধর করে। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোরে তিনি মারা যান।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা অভিযোগ পেয়েছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৬২৮ ঘ.
bdnews24