২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনগণের সচেতনতা দরকার’

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা চেয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 10:25 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা চেয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ দিবস উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, “শুধু সরকার বা মন্ত্রণালয়ের একক প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব নয়। এক্ষেত্রে সর্বস্তরের জনগণের সচেতনতাও প্রয়োজন।” “সড়কে দুর্ঘটনা প্রতিরোধে কোন আলোচনা সভাই তেমন একটা ফলপ্রসু হয় না। সড়ক দুর্ঘটনা প্রতিরোধের কারন গুলো চিহ্নিত করে জনসচেতনা বিষয়ে গণসংযোগ এর প্রয়োজন রয়েছে,” যোগ করেন তিনি। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দুর্ঘটনার জন্য শুধু চালকদের দোষারোপ না করে পথচারীদেরও সচেতন হতে হবে। তিনি বলেন, “শুধু চালকদের দোষারোপ করলে ভুল হবে, পথচারীদেরও সমস্যা রয়েছে। অনেক সময় দেখা যায় পথচারী মুঠোফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে। তাদের কারণেও দুর্ঘটনা ঘটে।” সম্প্রতি রাজধানীতে মোটর সাইকেল প্রচুর বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, বেশিরভাগ চালকই হেলমেট ব্যাবহার করেন না। তাদেরও সচেতন হতে হবে। সড়ক দুর্ঘটনার জন্য অন্যতম দায়ী বাকগুলোর বিষয়ে তিনি বলেন, এ ধরনের ঝুকিপুর্ণ বাকগুলো চিহ্নিত করা হয়েছে এবং প্রশস্ত করার কাজ চলছে। যানবাহনে ডিজিটাল নম্বর প্লেট প্রতিস্থাপনের বিষয়ে তিনি বলেন, “আশা করা যাচ্ছে চলতি বছরের নভেম্বরের দিকে প্লেট তৈরির কাজ শেষ হবে এর পরপরই সেগুলো যানবাহনে সংযুক্ত করার কাজ শুরু হবে।” সড়ক নিয়ে কোন ধরনের অপরাজনীতি না করে বরং উন্নয়নে এগিয়ে আসতে বিরোধীদলের প্রতি আহ্বান জানান যোগাযোগমন্ত্রী কাদের। সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ আয়োজিত এ অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শামসুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ট্রাস্টি এলেনা খান, মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ প্রডাকশন এবং প্রিন্টিং শামসুদ্দিন হায়দার ডালিম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/১৬২০ ঘ.