চট্টগ্রাম, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকদিন বন্ধ থাকার পর আবারও টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে মিয়ানমারের রোহিঙ্গারা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড সদস্যরা সোমবার বেলা আড়াইটা পর্যন্ত টেকনাফ সীমান্তবর্তী নাফ নদীর তীর সংলগ্ন শাহ পরীর দ্বীপ, সাবরাং, নাইট্যংপাড়া এলাকা থেকে ১৪৮ জন রোহিঙ্গাকে আটক করেছে।
খাবারসহ বিভিন্ন সাহায্য দিয়ে এদের মধ্যে ১৪৪ জনকে ফেরত পাঠানো হয়েছে।
বিজিবি ৪২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অনুপ্রবেশ চেষ্টাকালে ১৪৪ রোহিঙ্গাকে কয়েকটি ইঞ্জিনবোটে করে ফেরত পাঠানো হয়েছে।
মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু জেলায় স¤প্রতি ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গা এবং বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের মধ্যে দাঙ্গা শুরু হয়। এরপর থেকেই সংখ্যালঘু রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে ঢোকার চেষ্টা শুরু করে।
গত বৃহস্পতিবার পর্যন্ত কয়েকশ রোহিঙ্গকে আটক করে ফেরত পাঠানোর পর অনুপ্রবেশের চেষ্টা কমে আসে বলে বিজিবি কর্মকর্তারা জানান।
এরপর গত তিনদিনে নতুন করে অনুপ্রবেশের চেষ্টার খবর পাওয়া না গেলেও সোমবার সাতটি ইঞ্জিনচালিত বোটে করে ১৪৯ জন অনুপ্রবেশের চেষ্টা চালায়।
লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান বলেন, “শাহ পরীর দ্বীপ এলাকা দিয়ে অনুপ্রবেশ চেষ্টাকালে রোববার গভীর রাত থেকে সোমবার বেলা আড়াইটা পর্যন্ত ১৪৯ জনকে আটক করা হয়। তবে এর মধ্যে একজন বাংলাদেশী ছিল। তাকে ছেড়ে দেয়া হয়েছে।”
আটকদের মধ্যে ১৪৪ জনকে ফেরত পাঠানো হয়েছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, “তাদের খাবারসহ বিভিন্ন মানবিক সাহায্য দেয়া হয়েছে।”
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শাহপরীর দ্বীপ এলাকা থেকে রোববার রাত সাড়ে দশটার দিকে ১৯ জন রোহিঙ্গা, সোমবার সকাল সাড়ে আটটায় সাতজন, দুপুর সাড়ে বারটায় ১০৩ জন, বেলা আড়াইটায় ১১ জন, সকাল নয়টায় সাবরাং থেকে ৫ এবং ভোর সাড়ে তিনটায় নাইট্যংপাড়া থেকে তিন রোহিঙ্গা সদস্যকে অবৈধ অনুপ্রবেশ চেষ্টাকালে বাধা দেয় বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এই রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে।
তবে দুই দশক ধরে প্রায় ৫ লাখ রোহিঙ্গা প্রবেশের পর তাদের নিয়ে সঙ্কটে থাকা বাংলাদেশ এই আহ্বান প্রত্যাখ্যান করেছে। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে রোববার থেকে টেকনাফ স্থলবন্দর দিয়ে সীমিত আকারে সীমান্ত বাণিজ্য শুরু হয়েছে। এদিন মিয়ানমার থেকে মাছ বহনকারী একটি বোট স্থলবন্দরে আসে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১৪৯ ঘ.
bdnews24