২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে ১৩ ব্যবসায়ী অপহরণের অভিযোগ

রাঙামাটির বরকল উপজেলা থেকে ১৩ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 05:25 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

রাঙামাটি, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বরকল উপজেলা থেকে ১৩ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকালে শুভলং ইউনিয়নের চিলেকডাক এলাকায় নৌকা থামিয়ে অস্ত্রের মুখে দুর্বৃত্তরা ওই ১৩ ব্যবসায়ীকে নিয়ে যায় বলে দাবি করছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। জেএসএস এ ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করলেও তারা অভিযোগ অস্বীকার করেছে। বরকল থানার ওসি মো. আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপহরণের ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি।” জেএসএস জুরাছড়ি উপজেলা সমন্বয়কারী রিটেন চাকমা বলেন, বিকালে বিলাইছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের চটপটিঘাট থেকে একটি নৌকায় সদরে কলা বিক্রি করতে আসছিলেন। “নৌকাটি বরকলের চিলেকডাক এলাকায় পৌঁছলে ইউপিডিএফ’র সশস্ত্র সদস্যরা ২-৩ রাউন্ড ফাঁকা গুলি করে কলা বোঝাই নৌকাটি থামায়। পরে বোটে থাকা ১০ জনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়,” বলেন রিটেন চাকমা। এরা হলেন- উজ্জ্বলেন্দু চাকমা (৩৫), রুপম চাকমা (৩২), ইল্লো চাকমা (৩২), রেঞ্জার চাকমা (২৩), মনি চাকমা (২৭), সাধন চাকমা ওরফে ভট্টায়ে (৪০), কান্তি চাকমা (৩৯), অজিত চাকমা ওরফে কালায়ে (৪০), এলেন চাকমা (২৬) ও অমর সিং চাকমা (১৮)। অপরদিকে জেএসএস বরকল উপজেলা সাধারণ সম্পাদক বিরো চাকমা বলেন, বিকালে সদর থেকে বরকল উপজেলায় যাওয়ার সময় চিলেকডাক এলকায় ইউপিডিএফের সদস্যরা একটি নৌকা থামিয়ে অস্ত্রের মুখে তিন ব্যবসায়ীকে অপহরণ করে। এরা হলেন- পূর্ণ বিকাশ চাকমা (৩৫), কানুনগো চাকমা (২৮) ও জুনেল চাকমা (২৪)। তবে ইউপিডিএফ মুখপাত্র মাইকেল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ অপহরণের সঙ্গে তারা জড়িত নন। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তাদের জানা নেই। সাধারণ মানুষ বা ব্যবসায়ীকে অপহরণের প্রশ্নই আসে না বলে জানান ইউপিডিএফ নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩১৪ ঘ.