ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দক্ষিণাঞ্চলের ১৪ জেলায় টেকসই খাদ্য নিরাপত্তা ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে কৃষি উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়ন করছে কৃষি মন্ত্রণালয়।
রোববার সকালে রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্মেলনকক্ষে ‘দক্ষিণাঞ্চলে কৃষির উন্নয়নে মাস্টার প্লান’ শিরোনামের এক কর্মশালায় এ পরিকল্পনা তুলে ধরা হয়।
কর্মশালায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, কৃষি সচিব মঞ্জুর হোসেনসহ বিভিন্ন পর্যাযের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দক্ষিণাঞ্চলের সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে খাদ্যশস্য, ফলমূল, শাকসব্জি, মৎস চাষ ও পশুপালন প্রভৃতি ক্ষেত্রে গবেষণালব্ধ জ্ঞানের সুষ্ঠু ও সমন্বিত প্রয়োগের মাধ্যমে কৃষিতে টেকসই উন্নয়ন সম্ভব বলে কর্মশালায় আলোচকরা জানান।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “বাংলাদেশের কৃষিতে সিংহভাগ ফসল উৎপাদনকারী অঞ্চল উত্তরবঙ্গে রাস্তা-ঘাট উন্নয়ন, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ স্থাপনের ফলে মানুষ কৃষিবিমুখ হয়ে পড়ছে। ফলে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে তুলনামূলক কম ঘনবসতিপূর্ণ দক্ষিণাঞ্চলে কৃষিতে উন্নয়ন আবশ্যক।”
কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোকে লবণাক্ততা সহনশীল উন্নত জাতের ফসল উদ্ভাবনে আরো সচেষ্ট হওয়ার পরামর্শ দেন মন্ত্রী।
পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, “কৃষিতে উন্নয়নের লক্ষ্যে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। দক্ষিণাঞ্চলের কৃষিতে উন্নয়ন ঘটাতে পারলেই বাংলাদেশের উন্নয়ন সম্ভব।”
দক্ষিণাঞ্চলের উন্নয়নে এনজিওগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “উন্নয়নের নামে দক্ষিণাঞ্চলে এনজিওগুলো কী করছে তা আমরা কেউ জানি না। এনজিওগুলো কী কাজ করছে তা সরকারের খতিয়ে দেখা দরকার।”
প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, “দক্ষিণাঞ্চলে বসবাসকারী বাংলাদেশের ২১ শতাংশ মানুষের জীবন-জীবিকার উন্নয়নে ও স্বনির্ভর কৃষি গঠনে লবণাক্ততা সহনশীল ফসলই শুধু নয়, লবণাক্ততা সহনশীল পশু খাদ্যও উদ্ভাবন ও চাষ করতে হবে।”
দক্ষিণাঞ্চলে কৃষির উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়ণ কমিটির প্রধান ড. জেড করিম বলেন, সমুদ্র উপকূলবর্তী জেলগুলোর জমিতে লবণাক্ততা, আইলা-সিডরের মত প্রাকৃতিক দুর্যোগ, সুপেয় পানির সংকট ইত্যাদি বিষয়গুলোকে বিবেচনায় নিয়েই দীর্ঘমেয়াদি এই মাস্টার প্লান করা হয়েছে।
“এটি বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ রয়েছে সত্যি। কিন্তু এটি বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে বড় একটি ইতিবাচক পরিবর্তন আসবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএফটি/এএইচ/২২১৪ ঘ.
bdnews24