২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লোডশেডিং এক বছরে অর্ধেক’

সংসদে প্রতিমন্ত্রী জানিয়েছেন, দেশে বর্তমানে বিদ্যুতের দৈনিক চাহিদা ৬ হাজার ৬০০ মেগাওয়াট, এর বিপরীতে উৎপাদন ৫ হাজার ৩০০ থেকে ৫ হাজার ৬০০ মেগাওয়াট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 12:29 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে এখন প্রতিদিন লোডশেডিংয়ের পরিমাণ ১ হাজার মেগাওয়াট, যা গত বছরের চেয়ে ১ হাজার মেগাওয়াট কম বলে সংসদে বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক খানের বক্তব্যে স্পষ্ট হয়েছে। সংসদে রোববার প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে বিদ্যুতের দৈনিক চাহিদা ৬ হাজার ৬০০ মেগাওয়াট, এর বিপরীতে উৎপাদন ৫ হাজার ৩০০ থেকে ৫ হাজার ৬০০ মেগাওয়াট। বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারের প্রশ্নের জবাবে এনামুল হক আরো জানান, বর্তমানে চাহিদা সাড়ে ৭ হাজার মেগাওয়াট হলেও ‘ডিমান্ড সাইজ ম্যানেজমেন্ট’র মাধ্যমে বর্তমানে বিদ্যুতের চাহিদা ৬ হাজার ৬০০ মেগাওয়াটে সীমিত রাখা হয়েছে। বর্তমানে দৈনিক উৎপাদন গড়ে ৫ হাজার ৬০০ মেগাওয়াট হলেও গত বছর এই সময়ে এর পরিমাণ ৪ হাজার ৬০০ মেগাওয়াট ছিল বলে জানান প্রতিমন্ত্রী। গত তিন বছরে ১১ লাখ ২৫ হাজার এয়ার কুলার, ২০ লাখ রেফ্রিজেরেটর এবং ১ লাখ ৭৭ হাজার মাইক্রোওভেন আমদানি করা হয়েছে। এসব বৈদ্যুতিক সামগ্রী চালাতে প্রতিদিন ৭৪০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন বলে জানান প্রতিমন্ত্রী। এনামুল হক বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা জরুরিভিত্তিতে মোকাবেলার জন্য গ্যাস সঙ্কট বিবেচনায় রেখে স্বল্পমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করে। এর আওতায় ইতোমধ্যে ৪৯টি বিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিকভাবে চালু হয়েছে, যার উৎপাদন ক্ষমতা ৩ হাজার ৩৮০ মেগাওয়াট। সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পীর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালনে সিস্টেম লস ছিল যথাক্রমে ১৫ দশমিক ৬৭ শতাংশ ও ৩ দশমিক ১১ শতাংশ। এখন তা ১১ দশমিক ৭৯ শতাংশ ও ২ দশমিক ৮৭ শতাংশে নেমে এসেছে। সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ারের এক প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, সরকার কোনো বিদ্যুৎ কেন্দ্রকে ভর্তুকি দেয় না। তবে বিদ্যুৎ খাতে ভর্তুকি দিয়ে থাকে। চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ ৬ থেকে ৭ হাজার কোটি টাকা দাঁড়াতে পারে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী জানান, প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন মূল্য সাড়ে ৬ টাকা হলেও তা সাধারণ গ্রাহকদের কাছে ৪ টাকা ৫ পয়সা দরে বিক্রি করা হচ্ছে। সংসদ সদস্য মোশাররফ হোসেনের এক প্রশ্নে জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকারের লোকসান বেশি হলেও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অভ্যন্তরে দাম বাড়ানো যাচ্ছে না। সংসদ সদস্য রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, কয়লা নীতির প্রস্তাবিত খসড়া জনসাধারণের মতামতের জন্য ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এ বিষয়ে কিছু মতামত পাওয়া গেছে এবং এই কার্যক্রম চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮২০ ঘ.