কুড়িগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুতের দাবিতে বিক্ষুব্ধ জনতার হামলায় জেলা প্রশাসকের হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
শনিবার রাতে পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলাটি করে। এতে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ দেড়শ’ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এজাহারভুক্ত সাত আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন জানান, দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম-চিলমারী সড়কে উলিপুর উপজেলার পাঁচপীর বাজার এলাকায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভরত জনতাকে শান্ত করতে গিয়ে আহত হন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
কুড়িগ্রাম পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, অনাকাঙ্খিত ঘটনার পর থেকে ঘটনাস্থলে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। আইনশৃংখলা পরিস্থিতি অবনতি ঘটানো সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।
মাথায় আঘাত পাওয়ায় হাবিবুর রহমানকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় ছয়টি সেলাই দিতে হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক নজরুল ইসলাম।
পরে জেলা প্রশাসককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানায়, তিনটি ট্রান্সফরমার চুরি হওয়ার কারণে গত সাতদিন ধরে বিদ্যুৎ পাচ্ছিল না পাঁচপীর এলাকার মানুষ। তাই বিদ্যুৎ দাবিতে তারা সড়ক অবরোধ করে। জেলা প্রশাসক চিলমারী যাওয়ার পথে অবরোধস্থলে উপস্থিত হলে বিক্ষুব্ধ জনতা তার ওপর চড়াও হয়।
এ সময় হামলায় এক কনস্টেবল আহত হয়েছেন। আহত কনস্টেবল মাসুদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৭৪৪ ঘ.
bdnews24