ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিজয় সরণী মোড়ে যাত্রীবাহী একটি এক বাস আগুনে পুড়ে গেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার দুপুর ২টার দিকে আজিমপুর থেকে গাজিপুরগামী ২৭ নম্বর বাসে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও ফায়ার ব্রিগেডের স্টেশন মাস্টার মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে তাদের একটি ইউনিট এসে আগুন নেভায়। তবে এর মধ্যে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
যান্ত্রিক ক্রটির কারণে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাসটির যাত্রী হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজয় সরণীর ট্রাফিক সিগনালে বাসটি থামার কিছুক্ষণ পর বাসের চালক ও তার সহকারী গাড়ির ইঞ্জিনে আগুন লাগার কথা বলে সবাইকে নেমে যেতে বলেন।
“ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতে দেখে যাত্রীরা বাসের দরজা ও জানালা দিয়ে লাফিয়ে নেমে পড়ি। এতে দুই-একজন যাত্রী সামান্য আহত হয়েছেন।”
ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৫২৩ ঘ.
bdnews24