ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে জেদ্দায় বৈঠক করেছেন ইসলামী উন্নয়ন ব্যাংক-আইডিবি’র চেয়ারম্যান আহ্মেদ মোহাম্মদ আলী।
শনিবার বিকালে জেদ্দার কনফারেন্স প্যালেস-এ বিরোধী দলীয় নেতার স্যুটে এই বৈঠক হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার প্রেস সচিব মারুফ কামাল খান।
তিনি বলেন, “বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’’
প্রেস সচিব জানান, বৈঠকে সৌদি যুুবরাজ নায়েফ বিন আবদুল আজিজ আল সউদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। মুসলিম উম্মার কল্যাণে তার অবদানের কথা দুই নেতা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
খালেদা জিয়া তার স্বাস্থ্য পরীক্ষা করতে শনিবার সকালে সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। সেখানে সৌদি রাজকীয় প্রটোকল প্রধানসহ প্রবাসী বাংলাদেশীরা বিরোধী দলীয় নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানায় বলে জানান মারুফ কামাল খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩১৬ ঘ.
bdnews24