ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের আস্থায় চিড় ধরে- এমন কিছু না করতে তৃণমূল নেতাদের প্রতি সতর্কবাণী দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
শনিবার গণভবনে দলের ঠাকুরগাঁওয়ের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই সতর্কবর্তা দেন। নির্বাচনের আগে তৃণমূল নেতাদের ঐক্যবদ্ধ থাকতেও বলেছেন শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “আওয়ামী লীগের প্রতি জনগণের যে আস্থা ও বিশ্বাস রয়েছে, তা ধরে রাখতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যেন জনগণের আস্থা ও বিশ্বাসে চিড় ধরে।”
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে তিনি বলেন, “ঐক্যবদ্ধ থাকতে হবে। তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করতে হবে।”
আওয়ামী লীগগে ভারতীয় উপমহাদেশের ‘প্রাচীন সংগঠন’ আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, বিভিন্ন সময়ে আওয়ামী লীগের ওপর আঘাত এসেছে। কিন্তু দলের সাংগঠনিক কাঠামোর ভিত অনেক শক্ত বলে আওয়ামী লীগের কোনো ক্ষতি কেউ করতে পারেনি।
“নেতৃত্ব কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু তৃণমূল কখনো ভুল করেনি। সেজন্য আজ আমি এখানে,” বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সম্মেলন দ্রুত শেষ করার ওপর জোর দেন তিনি।
শেখ হাসিনা বলেন, “আগামীতে নির্বাচন, জনগণের সামনে যেতে হবে।”
তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কোনো সমস্যা থাকলে তা সুরাহা করতে নিজে উদ্যোগী হবেন বলেও আশ্বাস দেন তিনি।
সভায় ঠাকুরগাঁও জেলার নেতাদের পাশাপাশি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪১৯ ঘ.
bdnews24