ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-তাকে নিয়ে অজস্র লেখা, ইতিহাস নির্ণয়কারী অনেক ঘটনার নায়ক হিসেবে তাকে নানা বর্ণনায় পেয়েছে মানুষ। পড়েছেন দেশ-বিদেশের অগণন পাঠক।
কিন্তু বাংলাদেশ স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নিজের কলমে ইতিহাসের বাঁক নির্মাণকারী ঘটনাপঞ্জির কথা পাঠক পাবে সোমবার থেকে।
তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং এর ইংরেজি সংস্করণ ‘দি আনফিনিসড মেমোরিজ’র মোড়ক উন্মোচন হবে সোমবার।
১৯৬৭ থেকে ১৯৬৯ সময়ে কারাগারে থাকা অবস্থায় আত্মজীবনী লেখা শুরু করেন শেখ মুজিবুর রহমান। কিন্তু শেষ করে যেতে পারেননি।
বইটিতে আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, লেখকের বংশ পরিচয়, জন্ম, শৈশব, স্কুল ও কলেজের শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, দুর্ভিক্ষ, বিহার ও কলকাতার দাঙ্গা, দেশভাগ, কলকাতাকেন্দ্রিক প্রাদেশিক মুসলিম ছাত্রলীগ ও মুসলিম লীগের রাজনীতি, দেশ বিভাগের পরবর্তী সময়ে থেকে ১৯৫৪ সাল পর্যন্ত পূর্ব বাংলার রাজনীতি, কেন্দ্রীয় ও প্রাদেশিক মুসলিম লীগ সরকারের অপশাসন, ভাষা আন্দোলন, ছাত্রলীগ ও আওয়ামী লীগ প্রতিষ্ঠা, যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন, আদমজীর দাঙ্গা, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক শাসন ও প্রাসাদ ষড়যন্ত্রের বিস্তৃৃত বিবরণ এবং এসব বিষয়ে লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা রয়েছে।
বইটিতে জেল ও জেলের বাইরের জীবন, বাবা-মা, স্ত্রী, সন্তান ও পবিার-পরিজনের কথাও বলেছেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি।
অসমাপ্ত এ আত্মজীবনীর ইংরেজি অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফখরুল আলম।
গ্রন্থ দুটি প্রকাশ করছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। বাংলা সংস্করণের দাম থাকছে ৫২৫ টাকা এবং ইংরেজি সংস্করণ ১২০০ টাকা। উভয় বইয়ের ডিলাক্স সংস্করণের মূল্য রাখা হয়েছে যথাক্রমে ৬৫০ টাকা ও ১৫০০ টাকা।
বাংলাদেশের বাইরে ভারতে পেঙ্গুইন বুকস ও পাকিস্তানে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ১৮ জুন বই দুটি প্রকাশ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/২৩৫০ ঘ.
bdnews24