ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় ১৩ রাইফেলস ব্যাটালিয়নের ৬২১ আসামির মধ্যে ৬১১ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। খালাস পেয়েছেন ১০ জন।
শনিবার পিলখানায় বাহিনীর সদর দপ্তরে দরবার হলে স্থাপিত বিশেষ আদালতের প্রধান বিজিবির উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়ীদ খান এই দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে ৫৫ জনকে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। সর্বনিম্ন চার মাস কারাদণ্ড হয়েছে ১৩ জনের।
রায়ে ১০ জনকে সাড়ে ছয় বছর, ৪১ জনকে ছয় বছর, ৩ জনকে সাড়ে পাঁচ বছর, ৬৬ জনকে পাঁচ বছর, এক জনকে সাড়ে চার বছর, ৭৩ জনকে চার বছর, ২১ জনকে সাড়ে তিন বছর, ১২৭ জনকে তিন বছর, ২৯ জনকে আড়াই বছর, ১১৪ জনকে দুই বছর, ১২ জনকে দেড় বছর, ২৮ জনকে এক বছর, ১৮ জনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সাজপ্রাপ্ত প্রত্যেকের একশ টাকা করে জরিমানা করা হয়েছে।
খালাস পাওয়া ১০ জনের মধ্যে ছয়জন দোষ স্বীকার করেন।
রায় শেষে এক সংবাদ সম্মেলনে মামলার প্রসিকিউটার লেফটেন্যান্ট কর্নেল মো. আনোয়ার শফিক জানান, এই মামলার ৬২১ জনের মধ্যে ১৬ জন দোষ স্বীকার করে আদালতের কাছে অনুকম্পা চান। বাকিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
প্রসিকিউটার জানান, বিডিআর আইনের ১৯৭২ সালের ১০এ (১) ধারায় বিদ্রোহ মামলার এই রায় হলো। মোট ৫৫ কার্য দিবসে ৯১জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
সাজাভোগ শেষে সীমান্ত রক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত এই সদস্যদের নিয়ে সামাজিক সঙ্কটের কোনো আশঙ্কা রয়েছে কি না- এ প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার বলেন, “সঙ্কটের বিষয়টি এড়িয়ে দেওয়া যায় না। তবে এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক আছে।”
আদালতের রায়ে সাজাপ্রাপ্তরা বিজিবি (সাবেক বিডিআর) বাহিনীতে চাকরি হারালেন। তবে খালাস পাওয়ারা চাকরি চালিয়ে যাবেন।
প্রসিকিউটার বলেন, বিপুল সংখ্যক সদস্য অভিযুক্ত হওয়ায় বাহিনীতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পর্যায়ক্রমে এবং সতর্কতার সঙ্গে পূরণ করা হচ্ছে।
এই মামলায় আসামিদের বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, তা হচ্ছে- মহাপরিচালকের আদেশ অমান্য করা, অবৈধ জেনেও কোত ও ম্যাগজিন থেকে অস্ত্র নিয়ে বিদ্রোহে অংশ গ্রহণ, তিন নম্বর গেটে অস্ত্রসহ দায়িত্ব পালন থাকাবস্থায় বিদ্রোহীদের দখল নেওয়ার সময় কোনো বাধা না দেওয়া, বিভিন্ন স্থান থেকে অস্ত্র, মূল্যবান জিনিষ জব্দ করা, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা, উস্কানিমূলক বক্তব্য দেওয়া ইত্যাদি।
প্রসিকিউটার জানান, রায়ে শাস্তির মাত্রা নির্ধারণের ক্ষেত্রে আদালত আসামিদের আচরণ, বিদ্রোহের সময় তাদের পদবি, স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ কোনো কাজে স্বীকৃতি আছে কি না, চাকরিকালীন কোনো পদক, মেডেল বা পার্বত্য অঞ্চলে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন কি না তা বিবেচনায় নেওয়া হয়। আসামিদের বিচার চলাকালে কারাগারে থাকার বিষয়টিও বিবেচনায় আনা হয়।
২০০৯ সালে পিলখানার দরবার হলে যিনি বিদ্রোহের সূত্রপাত ঘটিয়েছিলেন, সেই মইন এই ১৩ ব্যাটালিয়নের সদস্য।
মইনের বিষয়ে প্রসিকিউটার বলেন, “তিনি এখনো ধরা পড়েননি, ধরা পড়লে অবশ্যই তাকে বিচারের আওতায় আনা হবে।”
তৎকালীন ১৩ রাইফেলস ব্যাটালিয়নের সুবেদার মো. ফরিদ উদ্দিন আহমেদ ২০১০ সালের ১৫ এপ্রিল পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৫ এ ৬২৩ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই দিনই আদালত তা আমলে নেয়। পরে আদালত বর্ধিত করায় তা ৮ নম্বর আদালতে স্থানান্তরিত হয়।
এই মামলার দুই আসামি কারাগারে থাকা অবস্থায় মারা যান।
৬২৩ জনের মধ্যে ১৩৫ জনের বিরুদ্ধে পিলখানায় হত্যাকাণ্ডের মামলার বিচার চলছে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনীর নাম পরিবর্তিত হয়ে বিজিবি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৩৫০ ঘ.
bdnews24