ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোহিঙ্গা শরণার্থীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ ওয়াচ (এইচআরডব্লিউ)।
শনিবার এক চিঠিতে সংগঠনটি এ আহ্বান জানায়।
চিঠিতে বলা হয়, “আন্তর্জাতিক বৈধ নিয়ম অনুযায়ী সহিংসতা ও নির্যাতন থেকে পালিয়ে আসা শরণার্থীদের অন্তত তাদের নিরাপদ প্রত্যাবর্তন পর্যন্ত ক্ষণস্থায়ী আশ্রয় দেওয়ার জন্য আমরা আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি।”
“শরণার্থীদের আশ্রয় দেওয়ার খরচ বহনের ক্ষেত্রে আন্তর্জাতিক স¤প্রদায়ের বাধ্যবাধকতা রয়েছে। এখন পেছনে ফেরার সময় নয়। বরং সঠিক কাজ হবে সীমানা খুলে দিয়ে মানবিক চাহিদা পূরণ ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহ্বান জানানো।”
গত বৃহস্পতিবার সংসদে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি দাবি করেন, শরণার্থীদের অনুপ্রবেশ ও তাদের আশ্রয় দেওয়ার বিষয়ে বাংলাদেশ কোনো ধরনের আন্তর্জাতিক সনদ বা আইনে স্বাক্ষর করেনি।
পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে হতাশা প্রকাশ করেছে আন্তর্জাতিক এই সংগঠন।
চিঠিতে দীপু মনির বক্তব্যকে ‘ভুল’ আখ্যায়িত করে উল্লেখ করা হয়, বাংলাদেশ ১৯৫১ সালের শরণার্থী সনদ বা এর ১৯৬৭ সালের চুক্তিতে স্বাক্ষর না করলেও কনভেনশন অ্যাগেইনস্ট টর্চার অ্যান্ড আদার ক্রুয়েল, ইনহিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটম্যান্ট অব পানিশম্যান্ট (সিএটি) ও কনভেনশন অন দ্য রাইটস অব দ্য চাইল্ডসহ এ সংক্রান্ত আরো চুক্তিতে স্বাক্ষর করেছে।
“এসব চুক্তি অনুযায়ী জীবন ও স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে এমন কোন এলাকায় শরণার্থীদের জোরপূর্বক ফেরত পাঠানো যাবে না এবং কোনো ব্যক্তিকে এমন কোনো জায়গায় ফেরত পাঠানো যাবে না যেখানে তিনি নির্যাতনের স্বীকার হতে পারেন,” চিঠিতে বলা হয়।
এদিকে মিয়ানমারের দাঙ্গা কবলিত এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় সীমান্ত পথে রোহিঙ্গা অনুপ্রবেশের মাত্রা গত কয়েকদিনে কমে এসেছে।
শনিবার বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বিজিবি জানিয়েছে, আপাতত রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা অনেকাংশে কমে এসেছে।
গত সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্যে বৌদ্ধ ধর্মবলম্বী ও রোহিঙ্গা মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধলে সংখ্যালঘু রোহিঙ্গারা দেশ ছেড়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা চালায়।
বিজিবি’র হিসেবে, টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চেষ্টাকারী ৭২৮ রোহিঙ্গাকে আটক করা হয়। এর মধ্যে ১৩ জন বাদে অন্যদের ফেরত পাঠানো হয়েছে। বাকি ১৩ জনকেও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এর বাইরে কোস্টগার্ড সদস্যরা ৪৪ জনকে আটক করে, যাদের ইতোমধ্যে ফেরত পাঠানো হয়েছে।
তবে গত দুই দশকে প্রায় ৫ লাখ রোহিঙ্গা শরণার্থী নিয়ে চাপে থাকা এবার অনুপ্রবেশে বাধা দেয় বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেআর/এইচএএইচ/এএল/২১৩৭ ঘ.
bdnews24