মিন্টু চৌধুরী
জ্যেষ্ঠ প্রতিবেদক
টেকনাফ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে সাম্প্রতিক দাঙ্গার পর সীমান্তবর্তী উপজেলা টেকনাফের বিভিন্ন এলাকায় বসবাসরত রোহিঙ্গা শরণার্থীরা এখনো মংডুতে তাদের স্বজনদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। যদিও উৎকণ্ঠা আগের চেয়ে কিছুটা কমেছে বলে তারা জানিয়েছে।
টেকনাফের রাখাইনদের মাঝেও স্বজনদের নিয়ে উৎকন্ঠা এখন কিছুটা কমেছে।
শুক্রবার দুপুরে টেকনাফের কুতুপালং ও নয়াপাড়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এবং হ্নীলার রাখাইন পল্লী সরেজমিন পরিদর্শনের সময় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন আভাসই মেলে।
মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু জেলায় ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গা এবং বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের মধ্যে শুক্রবার দাঙ্গা শুরু হয়। এরপর থেকেই সংখ্যালঘু রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার চেষ্টা চালাচ্ছে।
গত তিন দিনে ১৩৯ জন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছেন বিজিবি সদস্যরা।
রাখাইন এবং রোহিঙ্গা শরণার্থীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এলেও টেকনাফের কুতুপালং ও নয়াপাড়ায় দুটি নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবির এবং হ্নীলা চৌধুরী পাড়ার রাখাইন পল্লীতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরা।
এছাড়া কুতুপালংয়ে একটি ও লেদাপাড়ায় আরেকটি অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবির রয়েছে।
টেকনাফে নিবন্ধিত দুটি শরণার্থী শিবিরে দীর্ঘদিন ধরে আশ্রয়ে থাকা রোহিঙ্গারা মংডুর বিভিন্ন এলাকায় বসবাসরত তাদের স্বজনদের নিয়ে উৎকন্ঠায় ছিলেন দাঙ্গার পর থেকেই।
অপরদিকে টেকনাফের হ্নীলা এলাকায় নাফ নদীর ধারে চৌধুরী পাড়া রাখাইন পল্লীতে বাস করা প্রায় দেড়শ পরিবারের সদস্যরা মিয়ানমারে দাঙ্গার পরপর উৎকণ্ঠিত থাকলেও এখন কোনো সমস্যা নেই বলে জানান।
দুপুরে জুমআর নামাজের সময় রোহিঙ্গা শিবিরগুলোতে বিজিবি ও পুলিশ সদস্যদের টহল ও প্রহরা দিতে দেখা যায়। যাতে কোনো নিরাপত্তা বিঘিœত না হয়। এছাড়া রাখাইন পল্লীতেও বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি দেখা গেছে।
নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের ক্যাম্প ইনচার্জ ড. মোহাম্মদ কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিয়ানমারে সহিংসতার পর এখানে শিবিরে আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের মাঝে উৎকণ্ঠা ছিল। বিশেষ করে সীমান্তের ওপারে মংডু জেলায় বসবাসরত স্বজনদের নিরাপত্তা নিয়ে তারা উৎকণ্ঠিত ছিল।
পরবর্তীতে মংডু জেলায় পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় তাদের মাঝে উৎকণ্ঠা অনেকটা কমে আসে বলে দাবি করেন তিনি।
তবে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে উল্লেখ করে কামরুজ্জামান বলেন, “রোহিঙ্গারা মিয়ানমারে তাদের স্বজনদের নিয়ে এখনো কিছুটা উদ্বিগ্ন বলে তারা জানিয়েছে।”
কুতুপালং এ সরকার স্বীকৃত শরণার্থী শিবিরে আশ্রয়ে থাকা রেহিঙ্গা সদস্য নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের অনেক আত্মীয়-স্বজন মিয়ানমারে দাঙ্গা কবলিত এলাকায় বাস করে। তাদের নিরাপত্তা নিয়ে তিনি কিছুটা চিন্তিত।
তিনি বলেন, ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থীদের অনেকেই মোবাইল ফোনে মিয়ানমারে স্বজনদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নিচ্ছেন। এ নিয়ে তাদের উৎকণ্ঠা আগের চেয়ে অনেক কম বলেও জানান তিনি।
নুরুল আমিন তার বাবা-মা-স্ত্রী নিয়ে ১৯৯১ সালে শরণার্থী হিসেবে মিয়ানমারের আকিয়াব থেকে বাংলাদেশের টেকনাফে আসেন। ছয় সন্তানের বাবা নুরুল আমিনের পবিবার বাস করছে কুতুপালং শরণার্থী ক্যাম্পে।
নিবন্ধিত নয়াপাড়া শরণার্থী শিবিরে ১৮ হাজার একশ জন রোহিঙ্গা বসবাস করছে। এটি স্থাপিত হয় ১৯৯২ সালের নভেম্বরে। এছাড়া টেকনাফের কুতুপালং এ আরেকটি ক্যাম্পে প্রায় দশ হাজার রোহিঙ্গা বাস করছে।
কুতুপালং এবং টেকনাফের লোদাপাড়ায় আরও দুটি অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প রয়েছে। এর বাইরে টেকনাফ উপজেলা ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় অনেক রোহিঙ্গা দীর্ঘদিন ধরে বাস করছে, যার কোনো হিসেব নেই।
অপরদিকে, টেকনাফে বসবাসকারী বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনরা মিয়ানমারে দাঙ্গার পর উৎকণ্ঠিত থাকলেও এখন তাদের মাঝে উৎকন্ঠা আগের চেয়ে অনেক কমেছে বলে জানিয়েছেন তারা।
টেকনাফের হ্নীলা চৌধুরী পাড়া, খড়াংখালী, দমদমিয়া, নাইখ্যংখালী ও টেকনাফ সদরে কয়েকহাজার রাখাইন বসবাস করেন।
হ্নীলা চৌধুরী পাড়াতেই টেকনাফের সর্বোচ্চ সংখ্যক দেড়শ রাখাইন পরিবার বাস করে।
চৌধুরী পাড়া রাখাইন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মং চিং অং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সীমান্তের ওপারে সংঘর্ষের ফলে আমাদের মধ্যে কিছুটা উদ্বেগ থাকলে তা অনেকটা কমেছে। স্থানীয় প্রশাসনের লোকজন সবসময়ই আমাদের পাশে আছেন এবং তারা আমাদের সব ধরনের সহযোগিতা করছেন।”
চৌধুরী পাড়ার কয়েকজন রাখাইন বাসিন্দা বলেন, আমরা চাই যত দ্রুত সম্ভব মিয়ানমারে শান্তি ফিরে আসুক।
এদিকে, শুক্রবার সীমান্তবর্তী টেকনাফ উপজেলার বিভিন্ন ধর্মীয় স্থাপনায়ও নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার।
এছাড়া সকাল পর্যন্ত নতুন করে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেনি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিজিবি ৪২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহিদুল হাসান।
তবে গত ১০ জুন গোপনে অনুপ্রবেশ করা ১৩ রোহিঙ্গাকে বৃহস্পতিবার রাতে আটক করা হয়।
জাহিদুল হাসান আরো জানান, এছাড়া সেন্টামার্টিন দিয়ে অনুপ্রবেশকারী ৪৪ রোহিঙ্গা সদস্যকে ইঞ্জিনচালিত বোট দিয়ে শুক্রবার সকালে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
এই রোহিঙ্গাদের আশ্রয় দিতে জাতিসংঘ শরণার্থী সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর অব্যাহত আহ্বানের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সংসদে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, শরণার্থীদের আশ্রয় দেওয়া সংক্রান্ত আন্তর্জাতিক কোনো সনদে বাংলাদেশ স্বাক্ষর করেনি। তাই রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের কোনো দায়বদ্ধতা নেই।
দুই দশক আগে মিয়ানমারের সামরিক সরকারের দমন-পীড়নের মুখে বাংলাদেশে অন্তত সাড়ে ৪ লাখ রোহিঙ্গা ঢোকে। এই শরণার্থীদের চাপ বাংলাদেশকে সামলাতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৪৩ ঘ.
bdnews24