ফেনী, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ফয়েজুল হক মিলকীর চেম্বারে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে শহরের পূর্ব উকিলপাড়ার সওদাগর বাড়িতে নিজ বাসা সংলগ্ন চেম্বারে এ হামলা চালানো হয়।
হামলায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হয়নি বলে জানান ট্রেড ইউনিয়ন কেন্দ্র ফেনী জেলা সভাপতি এই জ্যেষ্ঠ আইনজীবী।
মিলকী সাংবাদিকদের বলেন, রাত সোয়া ১১টার দিকে তিনি বাসার কাছে বসে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাসযোগে ১০/১২ জন মুখোশধারী সন্ত্রাসী এসে তার বাসা সংলগ্ন চেম্বারের কাচের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তাদের হাতে থাকা লাঠি, রড, হকিস্টিক, ধারালো অস্ত্র দিয়ে প্রায় ১০ মিনিট আসবাবপত্র, কম্পিউটার, টেবিলের কাচ, কাচের দরজা-জানালায় ব্যাপক ভাঙচুর চালায়। বইয়ের তাকের বই, কাগজপত্র তছনছ করে।
এরপর তারা নিয়ে আসা গাড়িতেই পেট্রোবাংলা রোড হয়ে তুলাবাড়িয়া সুইমিং পুলের দিকে পালিয়ে যায়।
হামলার সময় আশপাশের দোকানপাট, প্রেস ও প্যাকেজিং দোকানগুলো বন্ধ ছিল।
মিলকী বলেন, তার সঙ্গে কারো কোনো ব্যক্তিগত বিরোধ নেই। তাই কারা এটি ঘটাতে পারে তা তিনি বলতে পারেননি।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
ফেনী থানার ওসি মাইনুল আবসার সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ফেনী থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সুপার পরিতোষ ঘোষ বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ব্যক্তিগত ক্ষোভ থেকে কেউ এ ধরনের ঘটনা ঘটাতে পারে।
এদিকে হামলার পর এলাকাবাসী ছাড়াও সাংবাদিক, আইনজীবী ও শ্রমিক সংগঠনের নেতারা মিলকীর বাসভবনে যান এবং এর প্রতিবাদ জানান।
ফেনী জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মহিবুল হক চৌধুরী রাসেল এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, একজন সিনিয়র আইনজীবী ও ট্রেড ইউনিয়ন নেতার চেম্বারে হামলা প্রমাণ করে দেশে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই।
ফেনী জেলা পরিষদ প্রশাসক আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহাম্মদ চৌধুরী এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
মিলকীর ছোট ভাই অ্যাডভোকেট রাশেদ মাযহার বলেন, “এ ঘটনার পর থেকে আমরা পুরো পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24