সাতক্ষীরা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়া উপজেলায় প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি আটক করেছে বিজিবি সদস্যরা।
বুধবার মধ্যরাতে উপজেলার বলিয়ানপুর গ্রামের একটি মাঠে অভিযান চালিয়ে শাড়িগুলো আটক করে বিজিবি। তবে তারা কোনো চোরাচালানীকে ধরতে পারেনি।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সামিউন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত থেকে বিপুল পরিমাণ শাড়ি কাপড় কলারোয়া সীমান্ত পেরিয়ে দেশে ঢুকেছে এমন খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে বিজিবির একটি দল অভিযানে নামে। তার কলারোয়া উপজেলার বলিয়ানপুর গ্রামের একটি মাঠের মধ্যে চোরাচালানীদের চ্যালেঞ্জ করলে তারা ২০ গাইট কাপড় ফেলে পালিয়ে যায়।
সামিউন্নবী বলেন, গাইটগুলো খুলে তা থেকে ১১০০ পিস উন্নতমানের ভারতের জর্জেট সিনথেটিক ও সুতী কাপড় পাওয়া যায়। যার মূল্য আনুমানিক ৪৬ লাখ ৯৫ হাজার টাকা।
বৃহস্পতিবার দুপুরে কাপড়গুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২০০৪ ঘ.
bdnews24