নাটোর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে ট্রেনের দরজা থেকে পড়ে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে নাটোর-বাসুদেবপুর রেল স্টেশনের বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ রনি (১৪) নিহত রনি ইউনিয়নের ভট্টপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
নাটোর সদর উপজেলার মাধনগর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সাত্তার জানান, রনি চিলাহাটী থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিল।
ওই ট্রেনের যাত্রী মাজদার হোসেন জানান, রনি ট্রেনের দরজায় বসে ছিল। যাত্রীদের ভিড়ের চাপে সে দরজা থেকে ছিটকে নিচে পড়ে যায়। এ সময় রেল লাইনে আঘাত পেয়ে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা গুরুতর আহত রনিকে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৪২৬ ঘ.
bdnews24